
চট্টগ্রামের পটিয়ায় সোনিয়া আক্তার নামের দুই সন্তানের এক জননীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার কোলাগাঁও ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সবুর মার্কেট এলাকার আনোয়ার শাহ মাজারসংলগ্ন নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়।
৩০ বছর বয়সী সোনিয়া ওই এলাকার নুর ইসলামের স্ত্রী।
প্রাথমিকভাবে পুলিশের ধারণা, ওই গৃহবধূ আত্মহত্যা করেছেন। তবে তার ভাই জয়নালের দাবি, ঘটনাটি রহস্যজনক।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুরে সোনিয়া সন্তানদের নিয়ে নিজ বাড়িতেই ছিলেন। দুপুরে পরিবারের সদস্যরা খাবার খেতে এসে শয়নকক্ষে তাকে ওড়না পেঁচানো ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সোনিয়াকে মৃত ঘোষণা করেন। পরে মরদেহটি আবারও বাড়িতে নিয়ে যাওয়া হয়।
খবর পেয়ে বিকেল ৫টার পর পটিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
সোনিয়ার শাশুড়ি জানান, সকালে দুই জায়ের মধ্যে ঝগড়া হয়েছিল, যা তিনি মিটিয়ে দিয়েছিলেন। এরপর কোনো একসময় সোনিয়া আত্মহত্যা করে থাকতে পারেন, তবে কেউ তা দেখেনি। তার ছেলে নুর ইসলাম একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন।
নিহতের ভাই জয়নাল অভিযোগ করেন, যে কক্ষে আত্মহত্যার কথা বলা হচ্ছে সেটি অত্যন্ত সংকীর্ণ। তাই সেখানে আত্মহত্যা করা সম্ভব নয় বলে মনে করেন তিনি।
ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানানোর পাশাপাশি দুই শিশুসন্তানের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন জয়নাল।
পটিয়া থানার পরিদর্শক (তদন্ত) যুযুৎস যশ চাকমা ঘটনাস্থল পরিদর্শন শেষে জানান, মরদেহের প্রাথমিক আলামত দেখে ঘটনাটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। তবে ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
