চট্টগ্রামে এইচএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৩৪০ শিক্ষার্থী


চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। প্রথম দিনে ১ হাজার ৩৪০ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার সকাল ১০টায় বাংলা প্রথম পত্রের মাধ্যমে এই পরীক্ষা শুরু হয়। এদিন ১১৪টি কেন্দ্রে পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে বোর্ড কর্তৃপক্ষ।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. পারভেজ সাজ্জাদ চৌধুরী জানান, পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রশ্নফাঁসের গুজব প্রতিরোধ ও নিরাপত্তা নিশ্চিত করতে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ রাখা হয়েছে। তদারকির জন্য বোর্ডের পক্ষ থেকে ২৩টি ভিজিল্যান্স টিম গঠন করা হয়েছে। এর মধ্যে ১৫টি সাধারণ এবং ৮টি বিশেষ টিম দায়িত্ব পালন করছে।

বোর্ডের দৈনিক পরীক্ষা প্রতিবেদন অনুযায়ী, প্রথম দিনে মোট ৭৩ হাজার ৮৬৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৭২ হাজার ৫২৩ জন পরীক্ষায় অংশ নেন। অনুপস্থিত ছিলেন ১ হাজার ৩৪০ জন।

জেলাগুলোর মধ্যে সবচেয়ে বেশি পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলায়, ৯৬৪ জন। এছাড়া কক্সবাজারে ২০৯ জন, রাঙামাটিতে ৮৫ জন, বান্দরবানে ৭৫ জন এবং খাগড়াছড়িতে ৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। প্রথম দিনে কোনো কেন্দ্রেই বহিষ্কারের ঘটনা ঘটেনি।

সরেজমিনে দেখা যায়, পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে পরীক্ষার্থীরা নিজ নিজ কেন্দ্রে প্রবেশ করেন। কেন্দ্রের বাইরে অভিভাবকদের অপেক্ষা করতে দেখা যায়।

নির্দেশনা অনুযায়ী, সকাল সাড়ে ৯টায় উত্তরপত্র ও ওএমআর শিট বিতরণ করা হয়। সকাল ১০টায় বহুনির্বাচনি (এমসিকিউ) প্রশ্নপত্র দেওয়া হয় এবং সাড়ে ১০টায় ওএমআর শিট সংগ্রহ করে সৃজনশীল প্রশ্নপত্র বিতরণ করা হয়। ৩০ নম্বরের এমসিকিউ পরীক্ষার জন্য ৩০ মিনিট এবং ৭০ নম্বরের সৃজনশীল অংশের জন্য আড়াই ঘণ্টা সময় নির্ধারণ করা হয়েছে।

এ বছর চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলার ২৮৩টি কলেজের মোট ৯৯ হাজার ৬৮৮ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। এর মধ্যে বিজ্ঞান বিভাগে ২৩ হাজার ৯০৩ জন, মানবিক বিভাগে ৪৪ হাজার ২৩৮ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৩১ হাজার ৫৩৯ জন শিক্ষার্থী রয়েছেন।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে মোট ১১৪টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে চট্টগ্রাম জেলায় রয়েছে ৬৮টি কেন্দ্র, যার ২৬টি মহানগর এলাকায়। এছাড়া কক্সবাজারে ১৮টি, রাঙামাটি ও খাগড়াছড়িতে ১০টি করে এবং বান্দরবানে ৮টি কেন্দ্র রয়েছে।

প্রথম ধাপের লিখিত পরীক্ষা আগামী ৮ আগস্ট পর্যন্ত চলবে। এরপর নির্ধারিত সূচি অনুযায়ী ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।