চকরিয়ায় গাছ কাটা নিয়ে বিরোধ, ভাইয়ের হাতে ভাই খুন


কক্সবাজারের চকরিয়ায় পৈতৃক বসতভিটার গাছ কাটাকে কেন্দ্র করে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে আপন বড় ভাই নিহত হয়েছেন।

শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার খুটাখালী ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নুরুল ইসলাম (৫৫) ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পিয়াইজ্যাকাটা এলাকার মৃত আলী হোসেনের ছেলে। অভিযুক্ত ছোট ভাইয়ের নাম আবদুর রহিম।

স্থানীয়রা জানান, নুরুল ইসলামের পুরোনো বাড়ি দক্ষিণপাড়া এলাকায় হলেও বর্তমানে পরিবার নিয়ে তিনি পূর্বপাড়া এলাকায় বসবাস করতেন। পৈতৃক সম্পত্তির ভাগবাঁটোয়ারা নিয়ে ছোট ভাই আবদুর রহিমের সঙ্গে তার দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

খুটাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা আবদুর রহমান জানান, শুক্রবার সকালে পুরোনো বসতভিটায় একটি গাছ কাটছিলেন আবদুর রহিম। খবর পেয়ে নুরুল ইসলাম সেখানে গিয়ে বাধা দেন। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে আবদুর রহিম ও তার পরিবারের সদস্যরা ক্ষিপ্ত হয়ে নুরুল ইসলামের ওপর হামলা চালান।

হামলার একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে নুরুল ইসলামের শরীরের বিভিন্ন অংশে আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন জানান, গাছ কাটা নিয়ে বাগবিতণ্ডার জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুনের ঘটনা ঘটেছে। নিহতের শরীরে একাধিক ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।

তিনি আরও জানান, পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে মামলা দায়ের করা হবে।