
চট্টগ্রামের ফটিকছড়িতে বিয়ের সরঞ্জামবাহী একটি মালবাহী ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে মিনহাজ নামের এক কিশোর চালক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে সাইম নামের আরেক কিশোর।
শুক্রবার উপজেলার লেলাং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের নয়াহাট বাজার সংলগ্ন কাশেম চেয়ারম্যান বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ১৩ বছর বয়সী মিনহাজ ওই এলাকার মনসুরের ছেলে। আহত ১৪ বছর বয়সী সাইম একই ইউনিয়নের শাহনগর গ্রামের দারগ আলী তালুকদার বাড়ির ইয়াসিনের ছেলে এবং ওই ট্রলির চালকের সহকারী।
স্থানীয়রা জানান, সন্ধ্যায় মিনহাজ ও সাইম নয়াহাট বাজার থেকে ডেকোরেশনের মালামাল বোঝাই করে ট্রলি নিয়ে পাশের কাশেম চেয়ারম্যান বাড়ির একটি বিয়েবাড়িতে যাচ্ছিল। পথে ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে উল্টে পড়ে যায়। এতে দুজনই গুরুতর আহত হয়।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মিনহাজকে মৃত ঘোষণা করেন। আহত সাইমকে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে পাঠানো হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লেলাং ইউপি সদস্য রুমা আকতার জানান, ডেকোরেশনের মালামাল নিয়ে বিয়েবাড়িতে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলিটি খাদে পড়ে ওই কিশোর চালকের মৃত্যু হয়েছে।
