উগ্রবাদ ও সামাজিক অবক্ষয় রুখতে ঐক্যের আহ্বান


উগ্রবাদ ও সামাজিক অবক্ষয় রুখতে আকিদাগত ভেদাভেদ ভুলে দেশের সব আলেম-ওলামাকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে ‘বাংলাদেশ দরগাহ মাজার জাতীয় সমন্বয় কমিটি’।

শুক্রবার (৩ জুলাই) সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক বৈঠকে নেতারা এই আহ্বান জানান।

বৈঠকে সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান আলহাজ্ব শাহ মোহাম্মদ তৌহিদুল কাদের চৌধুরী এবং সঞ্চালনা করেন মহাসচিব শাহ মোহাম্মদ জাকির হোসেন ছোবহানী। সংবাদমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিটিতে স্বাক্ষর করেছেন সংগঠনের যুগ্ম মহাসচিব মুফতি মাওলানা শাহ মো. মহিউদ্দিন।

বৈঠকে কালেমা খচিত পতাকার আড়ালে উগ্রবাদী তৎপরতা রোধে দ্রুত পদক্ষেপ নেওয়ায় বর্তমান প্রধানমন্ত্রী, ধর্মমন্ত্রী এবং ইসলামিক ফাউন্ডেশনের নবনিযুক্ত মহাপরিচালককে ধন্যবাদ জানানো হয়।

নেতারা জানান, গত ৩০ জুন গণমাধ্যমে বিবৃতি দিয়ে তারা উগ্রবাদের বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছিলেন। এর পরিপ্রেক্ষিতে শুক্রবার জুমার খুতবায় দেশব্যাপী মসজিদে সচেতনতামূলক বক্তব্য প্রদানের জন্য ইসলামিক ফাউন্ডেশন যে নির্দেশনা দিয়েছে, তাকে ঐতিহাসিক সিদ্ধান্ত বলে মন্তব্য করেন তারা।

মহাসচিব শাহ মোহাম্মদ জাকির হোসেন ছোবহানী তার বক্তব্যে সাইয়্যেদুশ শুহাদা ইমাম হোসাইন (আ.) এবং হযরত ওয়াইস করণী (রহ.)-এর প্রসঙ্গ টেনে বলেন, সাহাবায়ে কেরাম ও আহলে বাইতের মর্যাদা নিয়ে ফেসবুকে বিতর্ক করা থেকে বিরত থাকতে হবে। কাউকে নিয়ে বিষোদ্গার বা বিরূপ মন্তব্য করা অনুচিত বলে জানান তিনি।

এছাড়া বৈঠকে সমকামিতাকে ‘কওমে লুতের পাপাচার’ আখ্যা দিয়ে এর বিরুদ্ধে সুন্নি, দেওবন্দি বা কওমি—সব মতাদর্শের আলেমদের এক হওয়ার আহ্বান জানানো হয়। নেতারা বলেন, সমকামিতাকে বৈধতা দেওয়ার চেষ্টা মানবজাতির জন্য মারাত্মক হুমকিস্বরূপ, যা প্রতিহত করতে মুসলমানদের সজাগ থাকতে হবে।