
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার রাঙ্গামাটিয়া রাবার বাগান এলাকায় প্রায় আট একর লিজ নেওয়া জমি জবরদখলের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছে রাবার বাগান কর্তৃপক্ষ।
অভিযোগে ফটিকছড়ি পৌরসভার বাসিন্দা ওয়াহিদ কাউসার মওলা হিরু ও আমিনুল হকসহ কয়েকজনের বিরুদ্ধে এই দখলের অভিযোগ আনা হয়েছে।
বাগান কর্তৃপক্ষের দাবি, ৩/৮৬ নম্বর ব্লকে ২০১৯-২০ অর্থবছরে সৃজিত ৩০ একর পুনর্বাগানের ভেতরে রাবার গাছের চারার পাশ ঘেঁষে বাঁশের বেড়া দিয়ে জমি দখল করা হয়েছে। এছাড়া একই ব্লকে ২০২৪-২৫ অর্থবছরে তৈরি করা পুনর্বাগানের আরও প্রায় শূন্য দশমিক ৭৫ একর জায়গায় বাঁশ ও বনজ গাছ রোপণ করে দখল করা হয়েছে।
ধাপে ধাপে বাগানের লিজ নেওয়া জমি দখল করায় সরকারি সম্পদের ক্ষতির পাশাপাশি বাগানের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
তবে অভিযোগ অস্বীকার করেছেন ওয়াহিদ কাউসার মওলা হিরু। তিনি দাবি করেন, এসব জমিতে তাদের পূর্বপুরুষরা কয়েকশ বছর ধরে চাষাবাদ করে আসছেন। জেলা প্রশাসক (ডিসি) বা ইউএনও যদি মনে করেন এটি সরকারি বা বাগানের সম্পত্তি, তবে তারা নির্দ্বিধায় জায়গা ছেড়ে দেবেন।
তিনি আরও জানান, এখন পর্যন্ত বাগান কর্তৃপক্ষ তাদের দাবির পক্ষে কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি।
রাঙ্গামাটিয়া রাবার বাগানের ব্যবস্থাপক কে এম মাহবুব আলম জানান, রাবার বাগানের লিজ নেওয়া জমিগুলো সরকারি গেজেটভুক্ত। দীর্ঘদিন অরক্ষিত থাকায় এসব জমি দখলের চেষ্টা হয়েছে।
ইতোমধ্যে দখলমুক্ত করা জায়গাগুলোতে চারা রোপণ করে কার্যক্রম চালানো হচ্ছে জানিয়ে তিনি বলেন, গেজেটভুক্ত সরকারি জমি কাউকে বন্দোবস্ত দেওয়ার কোনো সুযোগ নেই।
ফটিকছড়ির উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহীম লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, তদন্ত করে এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
