৬ বৃহৎ প্রকল্প বদলে দেবে চট্টগ্রামের চিত্র: চেম্বার সভাপতি


চট্টগ্রাম অঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন, শিল্পায়ন এবং যোগাযোগ ব্যবস্থায় গতি আনতে অনুমোদন পাওয়া ছয়টি বৃহৎ প্রকল্প বাস্তবায়িত হলে পুরো অঞ্চলের চিত্র বদলে যাবে বলে মনে করছে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।

এসব প্রকল্প অনুমোদনের জন্য প্রধানমন্ত্রী এবং অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন চেম্বারের ব্যবসায়ী নেতারা।

শনিবার সকাল সাড়ে ১০টায় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রামে পৌঁছালে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান চট্টগ্রাম চেম্বারের সভাপতি আমিরুল হক।

এ সময় আমিরুল হক বলেন, আনোয়ারা উপজেলায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চলের জন্য সহায়ক অবকাঠামো নির্মাণ, চট্টগ্রাম সিটি আউটার রিং রোড (পতেঙ্গা-সাগরিকা), চট্টগ্রাম মুসলিম ইনস্টিটিউট সাংস্কৃতিক কমপ্লেক্স স্থাপন, ঢাকা-কুমিল্লা কর্ড লাইন রেলপথ, কক্সবাজারের রামুর রশিদনগরে বিশ্বমানের ফুটবল টেকনিক্যাল সেন্টার নির্মাণ এবং আনোয়ারা-বাঁশখালী-টইটং-পেকুয়া-বদরখালী-চকরিয়া (ঈদমনি) আঞ্চলিক মহাসড়ক উন্নয়ন—এই ছয়টি প্রকল্প বাস্তবায়িত হলে চট্টগ্রাম ও পার্শ্ববর্তী অঞ্চলে শিল্প, বাণিজ্য, যোগাযোগ এবং বিনিয়োগে ব্যাপক ইতিবাচক পরিবর্তন আসবে।

তিনি আরও বলেন, এসব প্রকল্প অনুমোদনের মাধ্যমে দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় প্রধানমন্ত্রী এবং অর্থ ও পরিকল্পনামন্ত্রীকে ব্যবসায়ী সমাজের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানানো হচ্ছে।

চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি হিসেবে আমীর খসরু মাহমুদ চৌধুরী বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের উন্নয়ন ও সম্ভাবনাকে গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছেন বলে মন্তব্য করেন আমিরুল হক। তাঁর উপস্থাপিত বাজেট দেশের অর্থনীতিকে ট্রিলিয়ন ডলারের লক্ষ্যের দিকে এগিয়ে নিতে সহায়ক হবে বলেও উল্লেখ করেন তিনি। বাজেটে করসুবিধা বৃদ্ধি এবং ব্যবসাবাণিজ্যে গতি আনতে বিভিন্ন প্রণোদনার ঘোষণা ব্যবসায়ীদের মধ্যে ইতিবাচক প্রত্যাশা সৃষ্টি করেছে বলে জানান চেম্বার সভাপতি।

বিমানবন্দরে মন্ত্রীকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, সংসদ সদস্য মোহাম্মদ এরশাদ উল্লাহ, আবু সুফিয়ান ও এনামুল হক এনাম, সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. বেলায়েত হোসেন, বিজিএমইএর প্রথম সহ-সভাপতি মো. সেলিম রহমান এবং চেম্বারের সাবেক সিনিয়র সহ-সভাপতি এম এ ছালাম।

এছাড়া সাবেক সহ-সভাপতি সৈয়দ মোহাম্মদ তানভীর, চট্টগ্রাম কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি এস এম সাইফুল আলম, ইতালির অনারারি কনসাল মির্জা সালমান ইস্পাহানী, ইস্টার্ন ব্যাংক পিএলসির চেয়ারম্যান শওকত আলী চৌধুরী, বাংলাদেশ স্টিল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মনোয়ার হোসেন, আবুল খায়ের গ্রুপের ডিএমডি আবু সাঈদ চৌধুরী, চেম্বারের পরিচালক মোহাম্মদ সাজ্জাদ উন নেওয়াজ, মো. জাহিদুল হাসান, মোহাম্মদ হাবিবুর রহমান, মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী ও সরোয়ার আলম খান, বিএসআরএম গ্রুপের চেয়ারম্যান আলী হুসেইন আকবর আলী এবং চেম্বারের সাবেক পরিচালক হাসনাত মো. আবু ওবাইদাসহ ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।