থানচিতে সেনাবাহিনীর অভিযানে বন্দুকসহ আটক ১


বান্দরবানের থানচিতে অভিযান চালিয়ে বন্দুক ও কার্তুজসহ জৌথান বম (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে সেনাবাহিনী। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

শনিবার (৪ জুলাই) তাকে আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কানন সরকার।

আটক জৌথান বম থানচি সদর পদ্ব্য মৌজার শেরপা পাড়া এলাকার লাল ফিয়ান বমের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ২৮ জুন কুকি-চিন ন্যাশনাল আর্মি (কেএনএ) এবং ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ-মূল) একটি যৌথ গোপন আস্তানায় বিশেষ অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। এ সময় উপস্থিতি টের পেয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে সন্ত্রাসীরা। এতে উভয় পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে।

ওই গোলাগুলির পর সন্ত্রাসীরা পালিয়ে যেতে সক্ষম হলেও আশপাশের এলাকায় অভিযান অব্যাহত রাখে নিরাপত্তা বাহিনী।

অভিযানের একপর্যায়ে বন্দুক ও কার্তুজসহ জৌথান বমকে আটকের পর শনিবার থানচি থানা পুলিশের কাছে হস্তান্তর করেন সেনাবাহিনীর সদস্যরা।

থানচি থানার ওসি কানন সরকার জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।