একুশে পত্রিকায় সংবাদ: সেই ইসরাফিলের পরিবারের পাশে ব্যবসায়ী পলাশ ধর


চট্টগ্রামের পটিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাত-পা হারানো ইসরাফিলের মৃত্যুর পর তার অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন স্থানীয় সমাজসেবক ও ব্যবসায়ী পলাশ ধর। একুশে পত্রিকাসহ বিভিন্ন গণমাধ্যমে পরিবারটির দুর্দশার খবর প্রকাশের পর তিনি এই সহায়তার হাত বাড়িয়ে দেন।

শনিবার উপজেলার হাইদগাঁও আশ্রয়ণ প্রকল্পে গিয়ে ইসরাফিলের স্ত্রী আরজু আক্তারের হাতে দুই মাসের প্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেন পলাশ ধর। এ সময় তিনি পরিবারটির খোঁজখবর নেন এবং ভবিষ্যতেও তাদের পাশে থাকার আশ্বাস দেন।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ১১ জুন স্ট্রোকে মারা যান ইসরাফিল। একসময় পল্লী বিদ্যুতের কর্মী ছিলেন তিনি। কর্মস্থলে ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইনে কাজ করার সময় এক দুর্ঘটনায় তার একটি হাত ও একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর আর কোনো কাজ করতে না পেরে ভিক্ষাবৃত্তির মাধ্যমে স্ত্রী ও চার কন্যাসন্তানকে নিয়ে কোনোরকমে জীবিকা নির্বাহ করতেন। তার মৃত্যুর পর পরিবারটি চরম আর্থিক সংকটে পড়ে।

গত ২৩ জুন একুশে পত্রিকাসহ বিভিন্ন গণমাধ্যমে ইসরাফিলের পরিবারের এই করুণ চিত্র তুলে ধরে প্রতিবেদন প্রকাশিত হয়।

পরিবারটিকে সহায়তার বিষয়ে পলাশ ধর জানান, সংবাদটি দেখে তিনি তাদের দুর্দশার কথা জানতে পারেন। একজন মানুষ হিসেবে দায়িত্ববোধ থেকেই তিনি তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন। এ সময় তিনি সমাজের বিত্তবান ব্যক্তি ও বিভিন্ন সামাজিক সংগঠনকে পরিবারটির দীর্ঘমেয়াদি সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান।

সহায়তা পেয়ে ইসরাফিলের স্ত্রী আরজু আক্তার জানান, স্বামীর মৃত্যুর পর চার মেয়েকে নিয়ে চরম অসহায় অবস্থায় দিন কাটছিল তাদের। এই সহায়তা তাদের জন্য অনেক বড় স্বস্তি নিয়ে এসেছে। সংবাদটি প্রচার করায় তিনি গণমাধ্যমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

স্থানীয়রা জানান, গণমাধ্যমের একটি সংবাদ কীভাবে একটি অসহায় পরিবারের জন্য সহায়তার দ্বার খুলে দিতে পারে, এটি তার একটি বড় উদাহরণ। তারা সরকার, জনপ্রতিনিধি এবং সমাজের বিত্তবানদের ওই পরিবারটির দীর্ঘমেয়াদি পুনর্বাসন ও চার কন্যাসন্তানের ভবিষ্যৎ নিশ্চিত করতে এগিয়ে আসার আহ্বান জানান।