ফটিকছড়ি উত্তরের সদর দপ্তর ভূজপুরে করার আহ্বান হেফাজত আমীরের


চট্টগ্রামের নবগঠিত ‘ফটিকছড়ি উত্তর’ উপজেলার সদর দপ্তর ভূজপুরে স্থাপনের আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির শাহ মহিববুল্লাহ বাবুনগরী। একই সঙ্গে তিনি নতুন উপজেলা ঘোষণায় সন্তোষ প্রকাশ করেছেন।

শনিবার ফটিকছড়ি উত্তর উপজেলার হেফাজত নেতাদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে তিনি এ দাবি জানান।

শাহ মহিববুল্লাহ বাবুনগরী বলেন, দীর্ঘদিনের বঞ্চনার পর ভূজপুরবাসীর ন্যায্য দাবি পূরণ হওয়ায় তিনি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছেন।

তিনি বলেন, ভূজপুরের মানুষ বিএনপির জন্য অনেক কষ্ট করেছে। সেখানে উপজেলা ঘোষণা করায় তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ভূজপুর থানা প্রতিষ্ঠা করেছিলেন এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান উপজেলা দিয়েছেন বলে উল্লেখ করেন তিনি।

উপজেলা সদর দপ্তর ভূজপুরে স্থাপনে সরকারের সহযোগিতা কামনা করে হেফাজত আমির বলেন, এটি ভূজপুরের মানুষের ন্যায্য অধিকার। দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের মাধ্যমে তারা নিজেদের অধিকার ফিরে পেয়েছেন।

সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির আল্লামা মুফতি মাহমুদ হাসান, মাওলানা আইয়ুব বাবুনগরী, মাওলানা জুনাইদ বিন জালাল, হারুয়ালছড়ি ইউনিয়নের প্রতিনিধি মাওলানা শামসুল আলম, আবুল খায়ের সওদাগর, মাওলানা আবু তালেব, মাওলানা নিজাম উদ্দিন, মাওলানা আজগর সালেহী এবং মাওলানা মুহিব্বুল্লাহ আমিনী।

এ ছাড়া সেখানে আরও উপস্থিত ছিলেন নারায়ণহাট ইউনিয়নের প্রতিনিধি মুফতি মামুন বশর ভূঁইয়া, মাওলানা লোকমান হোসেন, মাওলানা তারেকুল ইসলাম, মাওলানা ইয়াছিন, হাফেজ হোছাইন ও হাফেজ শহিদুল্লাহসহ স্থানীয় নেতারা।