মিরসরাইয়ে আর্জেন্টিনার সমর্থকদের হারাল ব্রাজিল সমর্থকেরা


চট্টগ্রামের মিরসরাইয়ে প্রীতি ফুটবল ম্যাচে আর্জেন্টিনা সমর্থক দলকে ১-০ গোলে হারিয়েছে ব্রাজিল সমর্থক দল।

শনিবার বিকেলে উপজেলার ধুম ইউনিয়ন বিএনপির উদ্যোগে মহাজনহাট কলেজ মাঠে এই ম্যাচ অনুষ্ঠিত হয়।

ম্যাচের শুরু থেকেই উভয় দল আক্রমণাত্মক ফুটবল খেলে। তবে একমাত্র গোলটি করে জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল সমর্থক দল। পিছিয়ে পড়ার পর আর্জেন্টিনা সমর্থকেরা সমতায় ফেরার চেষ্টা চালালেও সফল হয়নি।

খেলায় ব্রাজিল সমর্থক দলের নেতৃত্ব দেন ধুম ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব মেজবাউল হক মানিক। অন্যদিকে, আর্জেন্টিনা সমর্থক দলের নেতৃত্বে ছিলেন মিরসরাই উপজেলা বিএনপির সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী।

ম্যাচ উপভোগ করতে মাঠে উপস্থিত ছিলেন ব্যবসায়ী আলী হায়দার টিপু। পাশাপাশি বিএনপি, যুবদল, ছাত্রদলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও শত শত ক্রীড়াপ্রেমী মানুষ খেলা দেখতে মাঠে ভিড় জমান।

মিরসরাই উপজেলা বিএনপির সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী বলেন, তরুণ সমাজকে সুস্থ ও শৃঙ্খল জীবন গঠনে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মাদকসহ নানা সামাজিক অবক্ষয় থেকে যুবসমাজকে দূরে রাখতে নিয়মিত ক্রীড়া আয়োজনের বিকল্প নেই।

ধুম ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব মেজবাউল হক মানিক বলেন, যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে খেলাধুলার চর্চা বাড়াতে হবে। ভবিষ্যতেও এমন ক্রীড়া আয়োজন অব্যাহত থাকবে বলে জানান তিনি।