
চট্টগ্রামের বন্দর থানার দুমপাড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শনিবার রাত ১১টার দিকে ঘটা এই দুর্ঘটনায় নিহতদের একজনের নাম আসাদুল। ৫০ বছর বয়সী আসাদুলের বাড়ি সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট এলাকায়।
নিহত অপর ব্যক্তির বয়স আনুমানিক ৪৫ বছর। তাঁর পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহিম জানান, দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, দুর্ঘটনার সময় ওই দুজন একই মোটরসাইকেলে ছিলেন। কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।
ওসি মো. আব্দুর রহিম আরও জানান, নিহত অজ্ঞাত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
বর্তমানে নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
