দীঘিনালায় কিশোরকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১


খাগড়াছড়ির দীঘিনালায় ১৩ বছর বয়সী এক কিশোরকে ধর্ষণের অভিযোগে মো. লিটন (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার দুপুরে ভুক্তভোগী শিশুর বাবার করা মামলার ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে তাকে গ্রেপ্তার দেখানো হয়।

গ্রেপ্তার লিটন উপজেলার মেরুং ইউনিয়নের ছোট মেরুং এলাকার ৫ নম্বর ওয়ার্ডের ৩ নম্বর কলোনির বাসিন্দা মৃত আব্দুল মজিদের ছেলে।

মামলার এজাহার ও পুলিশের দেওয়া তথ্যানুযায়ী, গত ২ জুলাই রাত আনুমানিক সাড়ে আটটার দিকে ছোট মেরুং এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার রাতে ওই কিশোর তার চাচার বাড়ি থেকে নিজের বাড়িতে ফিরছিল। এ সময় লিটন তাকে ফুসলিয়ে একটি খালি জায়গায় নিয়ে যায় এবং জোরপূর্বক ধর্ষণ করে।

পরে শিশুটিকে উদ্ধার করে প্রথমে দীঘিনালা হাসপাতালে নেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য পরে তাকে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।

ভুক্তভোগীর পরিবার জানায়, শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় শিশুটিকে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে আসা হয়েছে। তারা অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী জানান, এ ঘটনায় অভিযুক্ত লিটনকে আহত অবস্থায় মেরুং থেকে গ্রেপ্তার করা হয়েছে। চিকিৎসা শেষে তাকে আদালতে পাঠানো হবে। এ ধরনের জঘন্য ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না।