
কক্সবাজারের পেকুয়ায় পাহাড়ধসে মাটিচাপা পড়ে আট বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার টৈটং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আলিম্যার ঝিরি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ মিনহাজ ওই এলাকার দিনমজুর কলিম উল্লাহর ছেলে।
স্থানীয়রা জানান, টৈটং পাহাড়ের পাদদেশেই কলিম উল্লাহর বাড়ি। সোমবার বিকেলে নিজেদের বাড়ির আঙিনায় খেলছিল শিশু মিনহাজ। এ সময় হঠাৎ পাহাড়ের ওপর থেকে মাটি ধসে তার ওপর পড়ে।
পরে তার মা ও প্রতিবেশীরা এগিয়ে এসে মাটি সরিয়ে খোঁজাখুঁজি শুরু করেন। প্রায় দুই ঘণ্টা পর স্থানীয়দের সহযোগিতায় মিনহাজকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
টৈটংয়ের বন বিভাগের বিট কর্মকর্তা মোতালেব আল মোমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পাহাড়ধসে এক শিশুর মৃত্যুর খবর তারা পেয়েছেন। ঘটনাস্থল পরিদর্শন করে এ বিষয়ে বিস্তারিত জানাতে পারবেন বলে উল্লেখ করেন তিনি।
