
খাগড়াছড়ির দীঘিনালায় বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় ৩৫০ জন কৃষক ও শ্রমিকের মাঝে বিনামূল্যে ১ হাজার ৭৫০টি ফলজ গাছের চারা ও সার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় দীঘিনালা হর্টিকালচার সেন্টারে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
২০২৫-২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমে পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে আয়োজকরা জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দীঘিনালার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিল পারভেজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহদাত হোসেন, উদ্যানতত্ত্ববিদ মো. আবুল খায়ের এবং উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কামরুজ্জামান সুমন।
এছাড়াও দীঘিনালা প্রেস ক্লাবের সাবেক সভাপতি সোহেল রানা এবং কৃষক দলের সভাপতি নজরুল ইসলাম অনুষ্ঠানে বক্তব্য দেন।
কর্মসূচির আওতায় প্রত্যেক উপকারভোগীকে আম, লিচু, মাল্টা, আমড়া ও সুপারি—এই পাঁচটি জাতের ফলজ চারা দেওয়া হয়।
পাশাপাশি গাছ রোপণ ও পরিচর্যার জন্য জনপ্রতি সাড়ে সাত কেজি জৈব সার এবং গাছের প্রয়োজনীয় খুঁটি বিতরণ করা হয়।
এ সময় পরিবেশ রক্ষায় চারাগুলো যথাযথভাবে রোপণ ও পরিচর্যার জন্য উপকারভোগীদের প্রতি আহ্বান জানান আয়োজকরা।
বিনামূল্যে চারা ও কৃষি উপকরণ পেয়ে সন্তোষ প্রকাশ করেন প্রান্তিক কৃষক ও শ্রমিকরা। পারিবারিক পুষ্টির চাহিদা পূরণ ও পরিবেশ সংরক্ষণে এসব গাছ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তারা।
