
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় টানা ভারী বর্ষণে পাহাড়ধসের শঙ্কা দেখা দেওয়ায় ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে মাঠে নেমেছে স্থানীয় প্রশাসন।
মঙ্গলবার উপজেলার জাকির হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হাসান ও সহকারী কমিশনার (ভূমি) দেবব্রত দাশ মাইকিং করে স্থানীয়দের সতর্ক করেন।
এ সময় পাহাড়ের পাদদেশ ও ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী পরিবারগুলোকে দ্রুত নিকটস্থ আশ্রয়কেন্দ্রে চলে যাওয়ার আহ্বান জানানো হয়।
ইউএনও নাজমুল হাসান বলেন, অতি ভারী বৃষ্টির কারণে পাহাড়ধসের আশঙ্কা রয়েছে। তাই পাহাড়ি উঁচু-নিচু এলাকায় বসবাসকারী পরিবারগুলোকে নিরাপত্তার স্বার্থে জাকির হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে চলে যাওয়ার অনুরোধ করা হচ্ছে।
এর আগে সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক সতর্কবার্তায় ইউএনও জানান, টানা অতিবৃষ্টির ফলে উপজেলার বিভিন্ন স্থানে জলাবদ্ধতা, নদীর পাড় ভাঙন ও পাহাড়ি ঢলের সৃষ্টি হয়েছে।
এই পরিস্থিতিতে ঝুঁকিপূর্ণ এলাকায় অবস্থান না করে দ্রুত নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি।
জরুরি প্রয়োজনে উপজেলা প্রশাসনের নির্ধারিত নম্বরগুলোতে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে। নম্বরগুলো হলো: ইউএনও ০১৭৮৯-৭৯৬১৬০, উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা ০১৮৩২-৫১৬২৮৬, পল্লী বিদ্যুতের ডিজিএম ০১৭৬৯-৪০০১০৯ এবং ফায়ার সার্ভিস ০১৮৬০-৩৮৭১৬১।
এছাড়া অপ্রয়োজনে ঝুঁকিপূর্ণ এলাকায় অবস্থান না করতে, গুজব বা আতঙ্কে বিভ্রান্ত না হয়ে সতর্ক থাকতে এবং স্থানীয় প্রশাসনের নির্দেশনা মেনে চলতে রাঙ্গুনিয়াবাসীর প্রতি আহ্বান জানিয়েছে উপজেলা প্রশাসন।
