
ঋণের দায়ে অপহরণের নাটক সাজিয়ে আত্মগোপনে যাওয়া মো. রাশেদুল আলম (৩৮) নামের এক ব্যক্তিকে উদ্ধার করেছে হাটহাজারী মডেল থানা পুলিশ।
মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগর এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। বিকেলে হাটহাজারী মডেল থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।
উদ্ধার হওয়া রাশেদুল আলম হাটহাজারী উপজেলার ২ নম্বর ধলই ইউনিয়নের মনিয়ার পুকুর পাড় এলাকার আবুল কালামের ছেলে।
পুলিশ জানায়, বিভিন্ন মানুষের কাছে ঋণগ্রস্ত হওয়ায় রাশেদুল নিজেই আত্মগোপনে গিয়ে অপহরণের নাটক সাজান।
এর আগে গত ১ জুলাই বিকেলে তার স্ত্রী রীনা আকতার স্বামী অপহৃত হয়েছেন দাবি করে থানায় একটি নিখোঁজ ডায়েরি (জিডি) করেন।
সেই ডায়েরির সূত্র ধরে তদন্ত চালিয়ে মঙ্গলবার রাঙ্গুনিয়া থেকে রাশেদুলকে উদ্ধার করে পুলিশ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাশেদুল পুলিশকে জানান, পাওনাদারদের হাত থেকে বাঁচতেই তিনি এই অপহরণের নাটক সাজানোর চেষ্টা করেছিলেন।
হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমান জানান, এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
