
টানা দুই দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রামের পটিয়া উপজেলা এবং পৌরসভার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।
পৌর এলাকায় ড্রেন নির্মাণকাজে ধীরগতির কারণে বৃষ্টির পানি জমে তীব্র জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন শিক্ষার্থীসহ সাধারণ মানুষ।
দুর্যোগপূর্ণ আবহাওয়া ও জলাবদ্ধতার কারণে মঙ্গলবার বিকেলে পটিয়ার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষা স্থগিত করা হয়েছে।
টানা বৃষ্টিতে আনোয়ারা-টইটং সড়কের পটিয়া ভাটিখাইন সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় সড়কের কয়েকটি অংশ ধসে গেছে। জরুরি পদক্ষেপ না নিলে সেখানে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা।
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে গত দুই দিন ধরে পটিয়াসহ পুরো চট্টগ্রাম অঞ্চলে মুষলধারে বৃষ্টি হচ্ছে। এর সঙ্গে যোগ হয়েছে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল। পটিয়ার ওপর দিয়ে বয়ে যাওয়া শ্রীমাই খালসহ বিভিন্ন খালে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
সরেজমিনে দেখা যায়, পৌরসভা ও উপজেলার বেশ কয়েকটি এলাকায় হাঁটুপানি জমে বিস্তীর্ণ এলাকা পানিবন্দি হয়ে পড়েছে। পৌর সদরের রামকৃষ্ণ মিশন, খলিলুর রহমান স্কুল অ্যান্ড কলেজ, শাহ আমির উচ্চ বিদ্যালয়, মাঝেরঘাটা, শেয়ানপাড়া ও গাজীর বাড়ি সড়কে হাঁটুপানি জমে রয়েছে।
উপজেলার কেলিশহর, হাইদগাঁও, কচুয়াই, খরনা, ভাটিখাইন, ছনহরা, ধলঘাট, শোভনদণ্ডী, হাবিলাসদ্বীপ, জিরি, কুসুমপুরা, আশিয়া ও কোলাগাঁও ইউনিয়নের নিচু এলাকাগুলো সবচেয়ে বেশি প্লাবিত হয়েছে। এসব এলাকার গ্রামীণ সড়কগুলো কোথাও হাঁটু, আবার কোথাও কোমরসমান পানিতে তলিয়ে গেছে।
পাহাড়ি ঢলের তোড়ে উপজেলার বেশ কিছু পুকুরের মাছ ভেসে গেছে। এতে কোটি টাকার আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন মৎস্যচাষিরা। এছাড়া বীজতলা ও সবজিক্ষেত তলিয়ে যাওয়ায় কৃষকরাও ক্ষতির মুখে পড়েছেন।
স্থানীয়রা জানান, পটিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার আবদুল মান্নানের বাড়ি এলাকা এবং ৪ নম্বর ওয়ার্ডের ছন্দা মার্কেট এলাকায় নির্মাণাধীন ড্রেনের কাজ ধীরগতিতে চলায় পানি দ্রুত নামতে পারছে না।
সড়ক ধসে পড়ার বিষয়ে ভাটিখাইন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু তালেব জানান, জরুরি ভিত্তিতে সড়ক ও জনপথ বিভাগ (সওজ) ব্যবস্থা না নিলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। কারণ এই সড়ক দিয়ে প্রতিদিন শত শত যানবাহন চলাচল করে।
এ বিষয়ে সওজ দোহাজারী কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা জানান, বিষয়টি গুরুত্বসহকারে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পটিয়া আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ টি এম তোহা জানান, আবহাওয়া ও জলাবদ্ধতা পরিস্থিতির কারণে উপজেলা প্রশাসনের পরামর্শে মঙ্গলবার বিকেলের পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে অন্যান্য পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে।
