
টানা অতিবৃষ্টি ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত এবং পানিবন্দি মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করেছে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসন।
মঙ্গলবার রাতে উপজেলার প্রায় একশটি পানিবন্দি পরিবারের কাছে এসব খাবার পৌঁছে দেওয়া হয়।
এর আগে ওইদিন সন্ধ্যায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ও স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে খাবার প্রস্তুত ও প্যাকেটজাত করা হয়।
প্রতিটি খাবারের প্যাকেটে ভাত, মুরগির মাংস, ডিম ও সবজি দেওয়া হয়েছে।
দুর্যোগে ঘরবন্দি মানুষের খাদ্যসংকট কিছুটা লাঘব করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হাসানের উদ্যোগে এ সহায়তা দেওয়া হয়।
ইউএনও নাজমুল হাসান জানান, দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়ানো প্রশাসনের দায়িত্ব। ক্ষতিগ্রস্তদের প্রয়োজন অনুযায়ী খাদ্যসহ অন্যান্য সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
এ সময় তিনি সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদের দুর্যোগে ক্ষতিগ্রস্ত দরিদ্র পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
প্রশাসনের পাশাপাশি সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত সহযোগিতাই দুর্যোগ মোকাবিলায় সবচেয়ে কার্যকর ভূমিকা রাখতে পারে বলে মনে করেন এই কর্মকর্তা।
