
চট্টগ্রাম নগরের ষোলশহরে চশমা হিল এলাকায় পাহাড়ধসে টিনশেড ঘরের ওপর মাটি পড়ে সুমাইয়া নামের ১২ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার দুপুরে ফায়ার সার্ভিসের কর্মীরা চশমা পাহাড়ের পাদদেশ থেকে ওই শিশুর মৃতদেহ উদ্ধার করেন। নিহত সুমাইয়া ওই এলাকার বাসিন্দা ফারুক হোসেনের মেয়ে।
পাহাড়ধসের সময় ঘরে থাকা সুমাইয়ার মা-বাবা বের হতে পারলেও পাশের কক্ষে থাকা সুমাইয়া আটকা পড়ে এবং মাটিচাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জোন-৪ এর উপসহকারী পরিচালক শাহ ইমরান জানান, দুপুর ১২টা ৪৮ মিনিটে পাহাড়ধসের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। দুপুর সোয়া ১টার দিকে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়।
এর আগে বায়েজিদ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. কামরুজ্জামান জানিয়েছিলেন, সকাল ৯টার দিকে পাহাড়ের মাটির স্তূপ ধসে পড়ার ঘটনা ঘটে এবং ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন।
