রাউজানে দিনমজুরদের ঘরে ঘরে খাবার পৌঁছে দিলেন বিএনপি নেতা


টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যার কারণে চট্টগ্রামের রাউজানে কর্মহীন হয়ে পড়া দিনমজুর ও অসহায় পরিবারের মাঝে চাল, আলু ও শুকনো খাবার বিতরণ করা হয়েছে।

বুধবার দুপুরে রাউজান পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকার মানুষের ঘরে ঘরে গিয়ে এসব খাদ্যসামগ্রী পৌঁছে দেন চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-ক্রীড়াবিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী সুমন।

বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর নির্দেশনায় আলী সুমনের ব্যক্তিগত অর্থায়নে পানিবন্দি মানুষের মাঝে এই সহায়তা দেওয়া হয়।

মোহাম্মদ আলী সুমন জানান, দলের নেতার নির্দেশে টানা বৃষ্টিতে কর্মহীন হয়ে পড়া অসহায় দিনমজুর পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছেন তারা। আগামীতেও এই সহায়তা চলমান থাকবে বলে জানান তিনি।

খাদ্যসামগ্রী বিতরণকালে আলমগীর হোসেন, উত্তর জেলা যুবদলের সদস্য মোহাম্মদ হোসেন, মোহাম্মদ কাশেম, রিমন, ইমন, ইয়াকুব উদ্দিন আরিফ প্রমুখ উপস্থিত ছিলেন।