দাদার পিছু নিয়ে নালায় ডুবে প্রাণ গেল রাউজানের শিশুর


চট্টগ্রামের রাউজানে নালায় পড়ে মো. মোস্তাকিম নামের তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার বিকালে উপজেলার ডাবুয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত শিশু মোস্তাকিম ওই এলাকার মো. পারভেজ হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, বিকালে মোস্তাকিমের দাদা দোকানে যাওয়ার জন্য ঘর থেকে বের হন। এ সময় দাদার অগোচরে তার পিছু নেয় শিশুটি। একপর্যায়ে সড়কের পাশে পানি চলাচলের নালায় পড়ে স্রোতের টানে ভেসে যায় সে।

পরে এক সিএনজিচালিত অটোরিকশাচালক বিষয়টি দেখতে পান। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ডাবুয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইয়াসমিন আকতার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, নালায় তীব্র স্রোত থাকায় শিশুটি ভেসে গিয়েছিল। ইউনিয়ন পরিষদে যাওয়ার সময় শিশুটিকে উদ্ধার করতে দেখে তিনি নিজের গাড়িতে করেই তাকে হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।