পানিবন্দি মিরসরাই: ভেসে গেছে আমনের বীজতলা, দুর্ভোগে সাধারণ মানুষ


টানা চার দিনের প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রামের মিরসরাই উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে হাজারো পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বৃহস্পতিবার উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে।

গত রোববার থেকে বুধবার পর্যন্ত টানা বৃষ্টিতে পাহাড়ি ঢল ও স্থানীয় খাল-বিল উপচে উপজেলার ১৬টি ইউনিয়ন ও দুটি পৌরসভার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। তলিয়ে গেছে আউশের খেত, আমনের বীজতলা ও বিভিন্ন সবজিখেত। পানির তোড়ে ভেঙে গেছে অনেক গ্রামীণ সড়ক।

খৈয়াছরা, ওয়াহেদপুর, কাটাছরা ও ইছাখালী ইউনিয়নসহ মিরসরাই এবং বারইয়ারহাট পৌরসভার বিভিন্ন এলাকার বাড়িঘরে হাঁটু থেকে কোমরসমান পানি জমেছে। পানিবন্দি হওয়ার পাশাপাশি বিদ্যুৎহীন অবস্থায় যোগাযোগ বিচ্ছিন্নতা ও ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা দেখা দিয়েছে। এছাড়া রিকশা ও ভ্যানচালকসহ দিনমজুরেরা কর্মহীন হয়ে মানবেতর জীবনযাপন করছেন।

মিরসরাই উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায় জানান, টানা বৃষ্টিতে ৫০ হেক্টর আউশ, ৫ হেক্টর আমন বীজতলা এবং ১৫ হেক্টর গ্রীষ্মকালীন সবজি পানিতে তলিয়ে গেছে। মাঠে পরিদর্শন করে ইতোমধ্যে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করা হয়েছে।

ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুর এলাকার কৃষক আব্দুল হান্নান জানান, তার ৬ শতক জমির আমনের বীজতলা তলিয়ে গেছে। বৃষ্টি কমলে তাকে নতুন করে বীজতলা তৈরি করতে হবে।

খৈয়াছরা ইউনিয়নের পূর্বপোলমোগরা এলাকার বাসিন্দা নুরুল হুদা জানান, হঠাৎ করে বাড়িতে পানি ঢুকে পড়ায় আসবাব ও খাবার নিরাপদে সরাতে তাদের হিমশিম খেতে হচ্ছে।

সৈদালী এলাকার গৃহিণী কোহিনুর আক্তার জানান, উঠানসহ ঘরের ভেতরে পানি ঢুকে পড়ায় রান্নাবান্না বন্ধ রয়েছে। টিউবওয়েল পানিতে ডুবে যাওয়ায় বিশুদ্ধ পানিরও সংকট দেখা দিয়েছে।

ওচমানপুর ইউনিয়নের বাসিন্দা মো. আলা উদ্দিন জানান, জোরারগঞ্জ-মুহুরী প্রজেক্ট সড়ক ও টেকেরহাট সড়কের অবস্থা অত্যন্ত নাজুক। টানা বৃষ্টিতে এসব সড়কে বড় গর্তের সৃষ্টি হয়ে জনদুর্ভোগ বেড়েছে।

মিরসরাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ফেরদৌস হোসেন জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বুধবার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ও সব পরীক্ষা স্থগিত ছিল। বৃহস্পতিবারও সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ এবং পরীক্ষা গ্রহণ স্থগিত থাকবে।

মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোমাইয়া আক্তার জানান, পানিবন্দি মানুষদের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়েছে এবং ক্ষতিগ্রস্তদের তালিকা করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া পাহাড়ে বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য মাইকিং করে সতর্ক করা হয়েছে।

মিরসরাই আসনের সংসদ সদস্য নুরুল আমিন জানিয়েছেন, প্রাকৃতিক দুর্যোগে এলাকার মানুষ যাতে দুর্ভোগে না পড়ে, সেজন্য দলীয় নেতা-কর্মীদের খোঁজখবর রাখা ও তালিকা করার নির্দেশ দিয়েছেন তিনি। ক্ষতিগ্রস্তদের খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হবে বলেও জানান তিনি।