বৃষ্টির মধ্যে গ্যারেজে বিদ্যুৎস্পৃষ্ট, চকরিয়ায় ইজিবাইক চালকের মৃত্যু


কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নে একটি গ্যারেজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ইজিবাইক (টমটম) চালকের মৃত্যু হয়েছে।

বুধবার সকাল সাড়ে ৮টার দিকে ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পশ্চিম নতুনঘোনা পাড়া এলাকার ওয়াপদার নাশি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাহাব উদ্দিন (৩৬) ওই এলাকার আবুল কাসেমের ছেলে।

বদরখালী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সাদ্দাম হোসেন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাতে জানা যায়, টানা বৃষ্টির কারণে ওই গ্যারেজের আশপাশে ঝুঁকিপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়েছিল। সকালে গ্যারেজের একটি বিদ্যুতায়িত স্থানে স্পর্শ লাগলে সাহাব উদ্দিন বিদ্যুৎস্পৃষ্ট হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করার চেষ্টা করলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন জানান, চালকের মৃত্যুর বিষয়টি তারা নিশ্চিত হয়েছেন। নিহতের পরিবারের অভিযোগ সাপেক্ষে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে বৈরী আবহাওয়ার সময় বিদ্যুৎ সংযোগ ও বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহারে সবাইকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার।