
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার একটি বাজার থেকে বিক্রির জন্য আনা মহাবিপন্ন প্রজাতির একটি পাহাড়ি হলুদ কচ্ছপ উদ্ধার করেছে বন বিভাগ।
বুধবার বিকেলে উপজেলার বোয়ালখালী বাজারের জাফর স্টোর এলাকা থেকে প্রাণীটি উদ্ধার করা হয়।
স্থানীয় বন্যপ্রাণী সংরক্ষণে কাজ করা কয়েকজন স্বেচ্ছাসেবীর নজরে বিষয়টি এলে তারা বন বিভাগের সঙ্গে যোগাযোগ করেন।
খবর পেয়ে বন বিভাগের মেরুং রেঞ্জের ডেপুটি রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ জাফর উল্লাহ ঘটনাস্থলে যান। পরে একটি পরিত্যক্ত মাছের ড্রামের ভেতর থেকে কচ্ছপটি উদ্ধার করেন তিনি।
মোহাম্মদ জাফর উল্লাহ জানান, উদ্ধার হওয়া কচ্ছপটি মহাবিপন্ন প্রজাতির। এটিকে বন বিভাগের হেফাজতে নেওয়া হয়েছে।
প্রয়োজনীয় কোয়ারেন্টাইন ও স্বাস্থ্য পরীক্ষা শেষে প্রাণীটিকে উপযুক্ত প্রাকৃতিক আবাসস্থলে অবমুক্ত করা হবে বলেও জানান তিনি।
বন বিভাগের প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিক্রেতা জানান, প্রাণীটি যে মহাবিপন্ন প্রজাতির, সে বিষয়ে তার কোনো ধারণা ছিল না। না বুঝেই এটি ধরে বিক্রির জন্য বাজারে নিয়ে এসেছিলেন তিনি।
পাহাড়ি হলুদ কচ্ছপ বাংলাদেশের পার্বত্য বনাঞ্চলসহ দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে পাওয়া যায়। বন উজাড়, আবাসস্থল ধ্বংস, অবৈধ শিকার এবং বন্যপ্রাণী পাচারের কারণে এই প্রজাতির সংখ্যা দ্রুত কমে যাচ্ছে।
