
টানা বৃষ্টিতে বান্দরবানের লামা উপজেলায় পাহাড়ধসে চার বছরের এক শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার আজিজনগর ইউনিয়নের মিশন পাড়ায় পাহাড়ধসের এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন আজিজনগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মিশন পাড়ার বাসিন্দা মৃত আদম আলীর ছেলে মো. ইউনুস (২৮), তার স্ত্রী রানু আক্তার (২২) ও ছেলে মো. সোলেমান (৪) এবং একই এলাকায় ভাড়ায় বসবাসরত মো. জুয়েল (৩৪) ও তার স্ত্রী কুলছুমা আক্তার (২৫)।
জুয়েলের বাবার নাম মো. আলী হায়দার। তাদের গ্রামের বাড়ি চট্টগ্রামের হালিশহরের রামপুরায়।
আজিজনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোবারক হোসেন মহরম জানান, রাত ৪টার দিকে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় মাটিচাপা পড়া অবস্থায় পাঁচজনকে উদ্ধার করা হয়।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কায়ছার হামিদ জানান, নিহতদের মধ্যে এক পরিবারের তিনজন ও আরেক পরিবারের দুজন রয়েছেন। লাশগুলোর সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
পাহাড়ধসে পাঁচজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈন উদ্দিন জানান, পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে প্রশাসনের পক্ষ থেকে প্রতিনিয়ত মাইকিং করা হচ্ছে।
