
টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রামের লোহাগাড়ায় বন্যা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। এর মধ্যে পানিবন্দি অবস্থা থেকে এক গর্ভবতী নারীকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে ফায়ার সার্ভিস।
উপজেলার আধুনগর, বড়হাতিয়া ও আমিরাবাদ ইউনিয়নসহ বিভিন্ন নিম্নাঞ্চল এখন পানির নিচে। এতে শত শত পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলার পশ্চিম আমিরাবাদ খৈয়ারকুল এলাকায় উদ্ধার অভিযান চালায় লোহাগাড়া ফায়ার সার্ভিস। কর্মীরা বন্যার পানিতে আটকে পড়া ওই নারীকে নিরাপদে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পৌঁছে দেন।
টানা বৃষ্টি ও ডলু খালের ভাঙনের কারণে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছে। অনেক কাঁচা-পাকা সড়ক পানির নিচে তলিয়ে যাওয়ায় যান চলাচল ব্যাহত হচ্ছে।
একইসঙ্গে কৃষিজমি ও মাছের ঘের ডুবে গিয়ে ক্ষতির মুখে পড়েছেন চাষিরা।
বসতঘরে পানি ঢুকে পড়ায় রান্নাবান্না ও বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দিয়েছে। বিশেষ করে শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের নিয়ে চরম বিপাকে পড়েছেন স্থানীয়রা।
আধুনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজিম উদ্দিন জানান, ইউনিয়নের বিভিন্ন এলাকার ঘরবাড়িতে পানি ঢুকে পড়েছে।
নিজের বাড়ির উঠানেও পানি প্রবেশের কথা জানিয়ে চেয়ারম্যান নাজিম উদ্দিন বলেন, অধিকাংশ বাড়ির চুলা তলিয়ে যাওয়ায় মানুষের রান্নাবান্না বন্ধ রয়েছে।
বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজিজুল হক জানান, গ্রামীণ সড়ক তলিয়ে যাওয়ায় মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।
অনেক পরিবার নিরাপদ আশ্রয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে উল্লেখ করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজিজুল হক জানান, ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।
সার্বিক বিষয়ে লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বায়েজিদ বিন আখন্দ জানান, প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতির ওপর নিবিড় নজরদারি রাখা হচ্ছে।
সম্ভাব্য ক্ষতিগ্রস্তদের সাহায্যে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার কথা জানিয়ে ইউএনও বায়েজিদ বিন আখন্দ আরও জানান, ত্রাণ ও জরুরি সহায়তা কার্যক্রম চালাতে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে সমন্বয় সভা করা হয়েছে। পরিস্থিতির অবনতি হলে দ্রুত ক্ষতিগ্রস্ত মানুষের কাছে সহায়তা পৌঁছে দেওয়া হবে।
