
বৈরী আবহাওয়া ও ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট পাহাড়ি ঢলে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার নিম্নাঞ্চল তলিয়ে গেছে।
টানা দ্বিতীয় দিনের মতো পানিবন্দি এসব মানুষের সাহায্যে এগিয়ে এসেছে সেনাবাহিনী।
বন্যাদুর্গতদের নিরাপত্তায় বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে দীঘিনালার কবাখালী এলাকার আশ্রয়কেন্দ্রগুলোতে খাবার বিতরণ করা হয়।
দীঘিনালা জোনের ৪ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ‘দি বেবী টাইগার্স’-এর পক্ষ থেকে এই সহায়তা দেওয়া হয়।
জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আল আমিন, পিএসসির নির্দেশনায় ত্রাণ কার্যক্রমে অংশ নেন সেনাসদস্যরা।
দীঘিনালা জোনের অ্যাডজুট্যান্ট ক্যাপ্টেন আব্দুল্লাহ আল আজমিরের নেতৃত্বে দুর্গতদের মাঝে শুকনো খাবার ও প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
দেশ রক্ষার পাশাপাশি মানুষের পাশে থাকাকে নিজেদের অন্যতম দায়িত্ব ও কর্তব্য বলে জানিয়েছে সেনাবাহিনী।
এই ধারাবাহিকতায় কবাখালী এলাকার বন্যার্তদের মাঝে দ্বিতীয় দিনের মতো সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে দীঘিনালা জোন।
দুর্যোগের মুহূর্তে এমন সহায়তা পেয়ে আশ্রয়কেন্দ্রে অবস্থান নেওয়া মানুষেরা সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
