বৃষ্টির পানি শুষে ধসে পড়ল মাটির ঘর, অল্পের জন্য রক্ষা পেলেন বৃদ্ধা


টানা কয়েক দিনের মুষলধারে বৃষ্টিতে দেয়াল অতিরিক্ত পানি শুষে নেওয়ায় চট্টগ্রামের পটিয়ায় একটি মাটির ঘর সম্পূর্ণ ধসে পড়েছে।

তবে ঘর ভেঙে পড়ার শব্দ পেয়ে দ্রুত বাইরে বেরিয়ে আসায় অলৌকিকভাবে প্রাণে বেঁচে গেছেন মাজেদা বেগম নামের এক বৃদ্ধা।

গত বুধবার রাতে উপজেলার হাইদগাঁও ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে আব্দুস সামাদ মাতব্বরের বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, টানা ভারী বর্ষণ ও বন্যা পরিস্থিতির কারণে এলাকার মাটির ঘরগুলো চরম ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

বুধবার রাতে হঠাৎ করেই মাজেদা বেগমের পুরো ঘরটি হুড়মুড় করে ভেঙে পড়ে।

প্রাণহানি না ঘটলেও ঘরের ভেতরে থাকা আসবাবপত্র ও খাদ্যসামগ্রী মাটির নিচে চাপা পড়ে সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে।

আশ্রয় হারিয়ে বর্তমানে ওই অসহায় বৃদ্ধা চরম বিপাকে পড়েছেন।

এদিকে, একই এলাকায় শামসুল আলম ও শাহজাহান নামের আরও দুই ব্যক্তির মাটির ঘর আংশিক ধসে পড়েছে বলে জানা গেছে।

মাটির ঘর ধসে পড়ার বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হেলাল উদ্দিন।

ক্ষতিগ্রস্ত নারী বর্তমানে খুবই অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন জানিয়ে হেলাল উদ্দিন বলেন, ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করা হচ্ছে।

দ্রুত সরকারি সহায়তা এবং পুনর্বাসনের জন্য টিন দেওয়ার প্রক্রিয়া চলছে বলেও জানান ইউনিয়ন পরিষদের এই ভারপ্রাপ্ত চেয়ারম্যান।