
দুর্যোগপূর্ণ আবহাওয়ায় আকস্মিক পাহাড়ি ঢল ও ধসের ঝুঁকি এড়াতে চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারৈয়াঢালা রেঞ্জের আওতাধীন সব পাহাড়ি ঝরনা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে এই নির্দেশনা জারি করা হয়।
বারৈয়াঢালা রেঞ্জ কর্মকর্তা মো. আশরাফুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে পর্যটক প্রবেশ বন্ধের এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
এর আগে গত ৭ জুলাই থেকে ১০ জুলাই পর্যন্ত তিন দিনের জন্য ঝরনাগুলোতে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা দিয়ে ইজারাদার বরাবর নোটিশ দেওয়া হয়েছিল।
তবে বর্তমান বৈরী আবহাওয়া ও বৃষ্টিপাত অব্যাহত থাকায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বারৈয়াঢালা ন্যাশনাল পার্কের আওতায় থাকা ঝরনাগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, উপজেলা প্রশাসন ও বন বিভাগ থেকে এ বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
নিষেধাজ্ঞা চলাকালে সব ঝরনায় পর্যটকদের প্রবেশ সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। এই সময়ে দর্শনার্থীদের উদ্দেশ্যে কোনো ধরনের টিকিট বিক্রি করা যাবে না।
বন প্রশাসন ও উপজেলা প্রশাসন জানিয়েছে, পাহাড়ি এলাকায় অতিবৃষ্টি হলে আকস্মিক ঢল, পাহাড় ধস এবং ঝরনায় পানির প্রবল স্রোতের কারণে দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায়। মূলত জননিরাপত্তার স্বার্থেই এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
এ বিষয়ে বারৈয়াঢালা রেঞ্জ কর্মকর্তা মো. আশরাফুল আলম জানান, আবহাওয়ার কোনো পরিবর্তন না হওয়ায় এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ঝরনাগুলোতে প্রবেশ বন্ধ থাকবে। এ বিষয়ে ইজারাদারকে নোটিশ দেওয়া হয়েছে।
প্রতি বর্ষা মৌসুমেই অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে মিরসরাইয়ের বিভিন্ন ঝরনায় প্রাণহানির মতো ঘটনা ঘটে থাকে। সে কারণে এবার পর্যটকদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে বন বিভাগ এই সাময়িক পদক্ষেপ নিয়েছে।
