
পারিবারিক চলাচলের পথ নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে কক্সবাজারের চকরিয়ায় ভাতিজার ছুরিকাঘাতে চাচার মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওই ব্যক্তি।
নিহত ব্যক্তির নাম আবুল হাশেম (৪২)। তিনি নবগঠিত মাতামুহুরী উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নয়াপাড়া গ্রামের মৃত ইউছুফ আলীর ছেলে।
পরিবারের সদস্যরা জানান, মরহুম ইউছুফ আলীর তিন ছেলে নুর মোহাম্মদ, নুরুল আজিম ও আবুল হাশেমের মধ্যে চলাচলের পথ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
এই বিরোধের জেরে গত ৭ জুলাই বিকেলে নুর মোহাম্মদের দুই ছেলে সোহেল (২২) ও রাসেল (২৭) তাদের চাচা আবুল হাশেমের ওপর হামলা চালান।
ভাতিজা সোহেলের নেতৃত্বে পরিচালিত এই হামলায় ছুরিকাঘাতে আবুল হাশেমের পেটের নাড়িভুঁড়ি বের হয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় পরিবারের সদস্যরা তাকে প্রথমে চকরিয়া উপজেলা সরকারি হাসপাতালে নিয়ে যান।
সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তিন দিন ধরে চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার দুপুরে আবুল হাশেম মারা যান।
পূর্ব বড় ভেওলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হারুনর রশীদ জানান, পথ নিয়ে বিরোধে ভাতিজার হাতে চাচার মৃত্যুর ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এলাকাবাসী এই ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বলে তিনি উল্লেখ করেন।
মাতামুহুরী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) মোহাম্মদ মাসুদ জানান, ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।
নিহতের পরিবারের পক্ষ থেকে এজাহার পাওয়া গেলে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।
