হাটহাজারীতে বন্যার পানিতে শিশুর মৃত্যু, সাপে আহত ৫


চট্টগ্রামের হাটহাজারীতে ভয়াবহ বন্যার পানিতে ডুবে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। একই সঙ্গে গত দুদিনে বন্যার কারণে বিভিন্ন এলাকায় সাপের উপদ্রব বেড়েছে, যার শিকার হয়েছেন অন্তত পাঁচজন ব্যক্তি।

বৃহস্পতিবার সকালে হাটহাজারী পৌরসভার মোহাম্মদপুর এলাকায় পানিতে ডুবে মারা যাওয়া শিশুটির নাম অনিকেত দাস। দেড় বছর বয়সী এই শিশু স্থানীয় আশিষ কুমার দাসের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে বাড়ির পাশে খেলতে গিয়ে সবার অজান্তে বন্যার পানিতে পড়ে যায় অনিকেত।

খোঁজাখুঁজির একপর্যায়ে পরিবারের সদস্যরা তাকে পানিতে ভাসমান অবস্থায় দেখতে পান।

দ্রুত উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশু অনিকেতকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, বন্যা পরিস্থিতির মধ্যে সাপের উপদ্রব বেড়ে যাওয়ায় গত দুদিনে পাঁচজন সাপের কামড়ে আহত হয়েছেন।

হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকা, মির্জাপুর ইউনিয়নের চারিয়া এবং পৌরসভার দেওয়াননগর গ্রামে এসব ঘটনা ঘটে।

সাপের কামড়ে আহত ব্যক্তিরা হলেন আশরাফুল ইসলাম (২১), আজম (৫০), নিজাম (১৮), তনিমা (২৫) এবং নিশান মালাকার (১৬)।

আহতদের মধ্যে আজম ও নিশান মালাকারকে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য আশরাফুল ইসলাম, নিজাম ও তনিমাকে স্বজনেরা চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেছেন।