
পূর্ব শত্রুতার জেরে চট্টগ্রামের হাটহাজারীতে মাছ ধরতে গিয়ে নুরুল আজিম প্রকাশ আজম নামের এক দর্জি খুন হয়েছেন।
শুক্রবার সকালে উপজেলার মেখল ইউনিয়নের পশ্চিম মেখল খলিফাপাড়ায় এই ঘটনা ঘটে। ৪০ বছর বয়সী আজম ওই এলাকার মৃত ইসলামের ছেলে।
স্থানীয়দের বরাতে জানা যায়, সকালে বাড়ির পাশের একটি জমিতে মাছ ধরতে যান আজম। সেখানে দুই ব্যক্তির সঙ্গে তার কথা কাটাকাটি হয়।
এক পর্যায়ে ওই দুই ব্যক্তি ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে হত্যা করে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পূর্ব শত্রুতার জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে। নিহতের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
খবর পেয়ে বেলা সাড়ে এগারোটার দিকে লাশটি উদ্ধার করে হাটহাজারী মডেল থানা পুলিশ। সংশ্লিষ্ট ৯নং ওয়ার্ডের মেম্বার সৈয়দ নেজাম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুর রহমান জানান, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশটি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
এই হত্যাকাণ্ডে জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে বলেও জানান তিনি।
