
টানা ভারী বর্ষণ ও বন্যা পরিস্থিতির চরম অবনতির কারণে চট্টগ্রাম অঞ্চলে শনিবারের এইচএসসি, আলিম ও এইচএসসি বিএমটি পরীক্ষা স্থগিত করা হয়েছে।
শুক্রবার আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আখতারুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পাশাপাশি মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীন থাকা চট্টগ্রাম অঞ্চলের জেলাগুলোর শনিবারের পরীক্ষা অনুষ্ঠিত হবে না।
স্থগিতাদেশের আওতায় থাকা জেলাগুলো হলো চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি।
তবে অন্যান্য শিক্ষা বোর্ডের অধীন থাকা জেলাগুলো এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অন্যান্য জেলার পরীক্ষা পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী যথারীতি অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, গত ৫ জুলাই থেকে চট্টগ্রামে ভারী বৃষ্টিপাত শুরু হয়। এর মধ্যে ৭ জুলাই চট্টগ্রামে গত ৪৩ বছরের মধ্যে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত রেকর্ড করা হয়।
গত ৫ জুলাই থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত মোট এক হাজার ১৬৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
টানা এই অতিবৃষ্টির কারণে চট্টগ্রামসহ আশপাশের জেলা ও উপজেলাগুলো প্লাবিত হয়েছে। পাশাপাশি পাহাড়ধসের ঘটনায় এখন পর্যন্ত ২৯ জনের মৃত্যু হয়েছে।
