
টানা বৃষ্টিতে বসতঘরের টিনের চাল ছিদ্র হয়ে ঘরে পানি পড়ায় চরম দুর্ভোগে পড়েন এক বৃদ্ধা। বিষয়টি জানতে পেরে সংসদ সদস্য এনামুল হক এনামের নির্দেশনায় ব্যক্তিগত উদ্যোগে ওই বৃদ্ধার পাশে দাঁড়িয়েছেন পটিয়া পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক তৌহিদুল আলম।
শুক্রবার বিকেলে তিনি পটিয়া পৌরসদরের ৬ নম্বর ওয়ার্ডের পাইকপাড়া এলাকার বাসিন্দা নুর নাহার বেগমের বাড়িতে ২০টি টিন পৌঁছে দেন।
অসহায় ওই বৃদ্ধার স্বামীর রেখে যাওয়া বাড়িটিই একমাত্র সম্বল। আয়ের তেমন কোনো নির্দিষ্ট উৎস নেই।
টানা বৃষ্টিতে দুর্ভোগে পড়লেও কেউ এগিয়ে আসেনি জানিয়ে নুর নাহার বেগম আবেগাপ্লুত হয়ে পড়েন। দুর্দিনে সহযোগিতার হাত বাড়ানোয় তিনি বিএনপি নেতা তৌহিদুল আলমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বৃদ্ধার হাতে টিন তুলে দেওয়ার সময় তৌহিদুল আলম বলেন, মানবিক দৃষ্টিকোণ থেকে তিনি অসহায় পরিবারটির পাশে দাঁড়িয়েছেন।
ব্যক্তিগত উদ্যোগে প্রথম ধাপে ২০টি টিন দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, প্রয়োজন হলে ভবিষ্যতেও এই সহযোগিতা অব্যাহত থাকবে। এ ধরনের মানবিক কাজে সমাজের বিত্তবানদের এগিয়ে আসারও আহ্বান জানান তিনি।
টিন হস্তান্তরের সময় পটিয়া পৌরসভা যুবদলের সদস্যসচিব হাবিবুর রহমান রিপন এবং ছাত্রদল নেতা আনিছুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
