দুর্যোগের শুরু থেকেই বন্যাকবলিতদের খোঁজ নিচ্ছেন প্রধানমন্ত্রী: ত্রাণ প্রতিমন্ত্রী


প্রাকৃতিক দুর্যোগ শুরু হওয়ার পর থেকেই প্রধানমন্ত্রী সার্বক্ষণিক নির্দেশনা দিয়ে আসছেন বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন।

তিনি জানান, প্রধানমন্ত্রী ২৪ ঘণ্টা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং দুর্গত মানুষের কী প্রয়োজন, তার খোঁজ নিয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

শনিবার সকালে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার রশিদাপুকুর এলাকায় আয়োজিত এক ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এদিন বন্যাকবলিত এলাকা পরিদর্শনের পাশাপাশি হালদা নদীর ভাঙন পরিস্থিতির খোঁজখবর নেন প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন।

নতুন সংসদ সদস্যের প্রশংসা করে তিনি বলেন, ফটিকছড়ির সংসদ সদস্য শপথ নেওয়ার পরপরই বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছেন।

চেয়ারে বসার আগেই এলাকার মানুষের কথা ভেবে সংসদ সদস্য তাকে ত্রাণ নিয়ে আসার অনুরোধ করেছেন বলে জানান প্রতিমন্ত্রী। তিনি ফটিকছড়ির মানুষের পাশে থাকার দৃঢ় আশ্বাস দেন।

সরকারের লক্ষ্য হলো দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা। বন্যা পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরগুলো সমন্বিতভাবে কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।

পরিদর্শন ও ত্রাণ বিতরণকালে ফটিকছড়ি আসনের সংসদ সদস্য সরওয়ার আলমগীর এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহীম উপস্থিত ছিলেন।

পাশাপাশি উপজেলা বিএনপির সদস্য সচিব জহির আজম চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন।

ত্রাণ বিতরণ অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে সরাসরি ত্রাণসামগ্রী তুলে দেন। এরপর তিনি হালদা নদীর ভাঙনরোধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।