
বন্যা ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোকে নৈতিক দায়িত্ব উল্লেখ করে দুর্গতদের সব ধরনের সহায়তার ঘোষণা দিয়েছে আমিরাবাদ ইউনিয়ন পরিষদ।
টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নে বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় জরুরি ত্রাণসামগ্রী বিতরণ করা হচ্ছে।
শনিবার দিনব্যাপী ইউনিয়নের বিভিন্ন প্লাবিত ও ক্ষতিগ্রস্ত এলাকায় এই মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়।
বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে আমিরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে বন্যাদুর্গত পরিবারের হাতে খাদ্যসহ প্রয়োজনীয় ত্রাণসামগ্রী তুলে দেওয়া হয়।
ত্রাণ বিতরণকালে সেনাবাহিনীর সদস্যরা দুর্গত মানুষের সার্বিক খোঁজখবর নেন এবং তাদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার আশ্বাস দেন।
একই সঙ্গে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে প্রস্তুতকৃত ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা অনুযায়ী স্বচ্ছ ও সুশৃঙ্খলভাবে ত্রাণ বিতরণ করা হয়।
আমিরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, সাম্প্রতিক টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে ইউনিয়নের হাজার হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।
অনেকের বসতঘর, রাস্তাঘাট ও কৃষিজমি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
চেয়ারম্যান আরও জানান, সরকারের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় ইউনিয়নের কোনো অসহায় পরিবার যেন ত্রাণ সহায়তা থেকে বঞ্চিত না হয়, সে লক্ষ্যে তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ক্ষতিগ্রস্ত মানুষদের দুর্ভোগ লাঘবে তাদের এই যৌথ মানবিক সহায়তা অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।
