চট্টগ্রাম প্রেস ক্লাব সদস্যদের জন্য ফ্রি হেলথ ক্যাম্পের ঘোষণা


চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্যদের জন্য সাশ্রয়ী চিকিৎসা নিশ্চিতের পাশাপাশি একটি ফ্রি হেলথ ক্যাম্প আয়োজনের ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এ কে এম ফজলুল হক।

তিনি জানান, পারস্পরিক সহযোগিতার এই নতুন দিগন্ত উন্মোচনের ফলে প্রেস ক্লাবের সদস্যরা আরও সহজে উন্নত ও নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ পাবেন। উভয় প্রতিষ্ঠানের মধ্যে দীর্ঘমেয়াদি সম্পর্ক ও জনকল্যাণমূলক কার্যক্রম আরও সুদৃঢ় হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

শনিবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে উন্নত ও মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে এই কর্পোরেট চুক্তি স্বাক্ষরিত হয়।

এই চুক্তির আওতায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সকল সদস্য, তাদের নির্ভরশীল সদস্য এবং ক্লাবের কর্মকর্তা-কর্মচারীরা বিশেষ সুবিধা পাবেন। তারা চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেডের বিশেষায়িত চিকিৎসাসেবা, আধুনিক চিকিৎসা প্রযুক্তি এবং সমন্বিত স্বাস্থ্যসেবা সাশ্রয়ী উপায়ে গ্রহণ করতে পারবেন।

চুক্তিপত্রে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের পক্ষে স্বাক্ষর করেন ব্যবস্থাপনা পরিচালক ডা. এ কে এম ফজলুল হক, মেডিকেল ডিরেক্টর ডা. মোহাম্মদ নুরুন্নবী ও ডিজিএম (হেড অফ বিজনেস ডেভেলপমেন্ট অ্যান্ড কো-অর্ডিনেটর) মোহাম্মদ আমান উল্লাহ আমান।

চট্টগ্রাম প্রেস ক্লাবের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন সভাপতি জাহিদুল করিম কচি, সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ ও প্রচার ও প্রকাশনা সম্পাদক ফারুক আবদুল্লাহ।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন যুগ্ম সম্পাদক মিয়া মো. আরিফ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডা. এ কে এম ফজলুল হক।

এছাড়াও বক্তব্য রাখেন ক্লাবের উপদেষ্টা ও কমনওয়েলথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (সিজেএ) বাংলাদেশ চ্যাপ্টারের সেক্রেটারি জেনারেল ওসমান গণি মনসুর, সিনিয়র সহ-সভাপতি মুস্তফা নঈম, কার্যকরী সদস্য ও চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সালেহ নোমান।

চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের বোর্ড অফ ডিরেক্টরস আমেনা শাহীন, মেডিকেল ডিরেক্টর ডা. মোহাম্মদ নুরুন্নবী ও ডিজিএম মোহাম্মদ আমান উল্লাহ আমানও অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

এ সময় ক্লাবের সহ-সভাপতি ডেইজি মওদুদ, অর্থ সম্পাদক আবুল হাসনাত, সাংস্কৃতিক সম্পাদক রূপম চক্রবর্তী ও ক্রীড়া সম্পাদক মো. রুবেল খান উপস্থিত ছিলেন।

আরও উপস্থিত ছিলেন গ্রন্থাগার সম্পাদক মো. শহীদুল ইসলাম, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক হাসান মুকুল এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক ফারুক আবদুল্লাহ।

এছাড়া কার্যকরী সদস্য রফিকুল ইসলাম সেলিম, সাইফুল ইসলাম শিল্পী, আরিচ আহমদ শাহ ও ওয়াহিদ জামান উপস্থিত ছিলেন।