
টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের তীব্র স্রোতে রাবার ড্যামের বেড়িবাঁধ ভেঙে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় একটি সেতু ধসে পড়েছে।
এর ফলে রাঙামাটি ও বান্দরবান জেলার মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে।
গতকাল শুক্রবার দিবাগত রাতের কোনো এক সময়ে রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের দুধপুকুরিয়া এলাকায় এই ঘটনা ঘটে।
সেতুটির একাংশ ধসে পড়ায় ওই সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। দুই প্রান্তে আটকা পড়ে চরম ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ।
বিশেষ করে কর্মস্থল, শিক্ষাপ্রতিষ্ঠান ও জরুরি প্রয়োজনে যাতায়াতকারী মানুষেরা বেশি বিপাকে পড়েছেন।
স্থানীয় বাসিন্দা ও সড়ক বিভাগ জানায়, শুক্রবার রাত থেকেই ওই এলাকায় পাহাড়ি ঢলের তীব্র স্রোত ছিল।
পানির প্রবল চাপে একপর্যায়ে সেখানকার একটি রাবার ড্যামের বেড়িবাঁধ ভেঙে যায়। পরে রাতের কোনো এক সময়ে পানির তোড়ে সেতুটির একটি অংশ ধসে পড়ে।
সেতুটির অবস্থান রাঙ্গুনিয়া উপজেলায় হলেও এটি বান্দরবান সড়ক বিভাগের আওতাধীন।
বান্দরবান সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেন সেতু ধসের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বান্দরবান থেকে যাওয়ার পথে বালাঘাটা ও স্বর্ণমন্দির এলাকায় সড়ক ও সেতু পানিতে ডুবে আছে। এ কারণে তাদের দল এখনো ঘটনাস্থলে পৌঁছাতে পারছে না।
পানি কমলে দ্রুত বেইলি সেতু স্থাপন করে যান চলাচল স্বাভাবিক করার ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
তবে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে ঠিক কত সময় লাগতে পারে, তা তিনি নির্দিষ্ট করে জানাতে পারেননি।
