
টানা ভারী বর্ষণ ও বৈরী আবহাওয়া সৃষ্ট বন্যায় খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। উপজেলার নিম্নাঞ্চল আজ চতুর্থ দিনের মতো প্লাবিত রয়েছে।
এমন পরিস্থিতিতে দুর্যোগকালে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোকে মানবিক দায়িত্ব উল্লেখ করে দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির খাগড়াছড়ি ইউনিট।
শনিবার দুপুরে উপজেলার ছোট মেরুং সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে অবস্থানরত ৬০টি বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।
ত্রাণসামগ্রীর মধ্যে ছিল শুকনা খাবার, বিশুদ্ধ পানি ও প্রয়োজনীয় স্যানিটেশন সামগ্রী।
ত্রাণ বিতরণকালে খাগড়াছড়ি রেডক্রিসেন্ট ইউনিটের ভাইস চেয়ারম্যান মো. দুলাল হোসেন জানান, সদর দপ্তরের নির্দেশনায় আজ এই ৬০টি পরিবারের মাঝে ত্রাণ দেওয়া হয়েছে।
পর্যায়ক্রমে খাগড়াছড়ি সদর ও মহালছড়ি উপজেলাসহ মোট ৩০০টি পরিবারের মাঝে এই ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।
মো. দুলাল হোসেন আশা প্রকাশ করেন, এই শুকনা খাবার, বিশুদ্ধ পানি ও স্যানিটেশন সামগ্রী বন্যাকবলিত মানুষের জন্য গুরুত্বপূর্ণ সহায়তা হিসেবে কাজ করবে।
খাগড়াছড়ি রেডক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি আব্দুল মজিদ জানান, বন্যাসহ সব ধরনের দুর্যোগে খাগড়াছড়ি রেডক্রিসেন্ট ইউনিট মানুষের পাশে রয়েছে।
ত্রাণ বিতরণ কার্যক্রমে খাগড়াছড়ি রেডক্রিসেন্ট ইউনিটের কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট রবিউল ইসলাম, দীঘিনালা প্রেস ক্লাবের সভাপতি আল-আমিন এবং জেলা ও উপজেলা রেডক্রিসেন্ট ইউনিটের যুব সদস্যরা উপস্থিত ছিলেন।
ত্রাণ সহায়তা পেয়ে আশ্রয়কেন্দ্রে অবস্থানরত বন্যাদুর্গত পরিবারগুলো বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।
