হাটহাজারীতে পূর্বশত্রুতার জেরে কুপিয়ে হত্যা, বড় ভাইসহ গ্রেপ্তার দুই


চট্টগ্রামের হাটহাজারীতে পূর্বশত্রুতার জেরে নুরুল আজিম প্রকাশ আজম নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

এই ঘটনায় নিহতের আপন বড় ভাইসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার সকালে হাটহাজারী মডেল থানা কর্তৃপক্ষ ওই দুই আসামিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে।

গ্রেপ্তারকৃতরা হলেন আলী আকবর এবং মোহাম্মদ মোরশেদ প্রকাশ আকিল।

এর আগে শুক্রবার দিবাগত রাতে উপজেলার গড়দুয়ারা ইউনিয়ন ও বাকলিয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

নিহত নুরুল আজিম প্রকাশ আজম মেখল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের খলিফাপাড়ার নুরুল ইসলামের ছেলে। তিনি দুই মেয়ে ও এক ছেলের জনক ছিলেন।

গ্রেপ্তার আলী আকবর নিহতের আপন বড় ভাই। অপরদিকে গ্রেপ্তার মোহাম্মদ মোরশেদ প্রকাশ আকিল একই এলাকার সিকদার বাড়ির মৃত লাল মিয়া তালুকদারের ছেলে।

জানা যায়, শুক্রবার সকালে বাড়ির পাশের একটি জমিতে মাছ ধরতে যান আজম।

সেখানে পূর্বশত্রুতার জেরে দুই ব্যক্তির সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে আজমকে কুপিয়ে হত্যা করা হয়।

এই ঘটনায় নিহতের স্ত্রী রাজু আকতার বাদী হয়ে হাটহাজারী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

১৪ নম্বর ওই মামলায় চারজনের নাম উল্লেখ করা হয়েছে। মামলার প্রধান আসামি মো. দিদারুল আলম।

অন্য আসামিরা হলেন মোহাম্মদ মোরশেদ প্রকাশ আকিল, মো. আলী আকবর এবং সাইফ।

হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। ঘটনায় জড়িত বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।