কর্ণফুলীতে ভাসমান লাকড়ি সংগ্রহ করতে গিয়ে নৌকাডুবিতে যুবক নিখোঁজ


কর্ণফুলী নদীতে ভাসমান লাকড়ি সংগ্রহ করার সময় তীব্র স্রোতে ডিঙ্গি নৌকা উল্টে মো. সোলেমান নামের ২০ বছর বয়সী এক যুবক নিখোঁজ হয়েছেন।

শনিবার সকাল সাড়ে ৮টার দিকে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পূর্ব সরফভাটা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ সোলেমান এবং তার বড় ভাই ৩০ বছর বয়সী আব্দুল হালিম একটি ডিঙ্গি নৌকায় করে নদীতে ভেসে আসা লাকড়ি সংগ্রহ করতে গিয়েছিলেন।

নদীর তীব্র স্রোতে নৌকাটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে দুই ভাই পানিতে পড়ে যান।

আশপাশে থাকা অন্য লাকড়ি সংগ্রহকারীরা আব্দুল হালিমকে উদ্ধার করতে পারলেও সাঁতার না জানা সোলেমান প্রবল স্রোতে তলিয়ে যান।

নিখোঁজ সোলেমান ও উদ্ধার হওয়া আব্দুল হালিম পূর্ব সরফভাটার লোকমান মিস্ত্রীর বাড়ি এলাকার বাসিন্দা বদিউল আলমের ছেলে।

উদ্ধার হওয়া আব্দুল হালিম জানান, তার ছোট ভাই নৌকার পানি সেচ দিচ্ছিলেন এবং নৌকাটি কিনারার দিকে আসার সময় বাঁধন খুলে দেওয়া হয়।

হঠাৎ নৌকাটি একদিকে কাত হয়ে গেলে তিনি লাফ দিয়ে নৌকায় ওঠার চেষ্টা করেন।

তিনি আরও জানান, সাঁতার না জানা সোলেমান ডুবে যাওয়ার সময় তাকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন।

এতে আব্দুল হালিমও পানির নিচে তলিয়ে যান। পরে কোনোভাবে হাত ভাসাতে পারলে এক জেলে তাকে উদ্ধার করেন।

দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের টিম লিডার জাহেদুর রহমান জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেন।

পরবর্তীতে বিশেষ ডুবুরি দল উদ্ধার অভিযানে যোগ দিলেও নদীর তীব্র স্রোতের কারণে নিখোঁজ যুবকের সন্ধান পাওয়া যায়নি।

প্রবল স্রোতে সোলেমানকে অনেক দূরে ভাসিয়ে নিয়ে গেছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।

সম্ভাব্য বিভিন্ন স্থানে খবর দেওয়া হয়েছে এবং কোথাও তার সন্ধান পাওয়া গেলে দ্রুত ফায়ার সার্ভিসকে জানাতে অনুরোধ করা হয়েছে।