পেকুয়ায় বাড়ির উঠানে বন্যার পানিতে ডুবে শিশুর মৃত্যু


কক্সবাজারের পেকুয়ায় বাড়ির উঠানে জমে থাকা বন্যার পানিতে ডুবে ২২ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বলির পাড়া এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

মারা যাওয়া শিশুটির নাম মুশফিকুর রহমান।

সে বলির পাড়া এলাকার সৌদি প্রবাসী নাছির উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, টানা কয়েক দিনের বন্যায় নাছির উদ্দিনের বাড়িতে পানি উঠে যায়।

শনিবার রাতে পরিবারের সদস্যদের অগোচরে শিশু মুশফিক বাড়ির উঠানের পানিতে পড়ে যায়।

পরবর্তীতে পরিবারের সদস্যরা তাকে বন্যার পানিতে ভাসমান অবস্থায় দেখতে পান।

দ্রুত উদ্ধার করে তাকে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

সেখানে দায়িত্বরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

এই আকস্মিক মৃত্যুতে শিশুটির পরিবার ও ওই এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।