রাজনীতি নয়, বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান যুবদল সভাপতির


এখন রাজনীতি করার সময় নয়, বরং বিপন্ন মানুষের পাশে দাঁড়ানোই প্রধান দায়িত্ব বলে মন্তব্য করেছেন যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না।

বন্যাদুর্গতদের সহায়তায় তিনি সমাজের বিত্তবান ব্যক্তি ও মানবিক সংগঠনগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

রোববার দিনব্যাপী চট্টগ্রামের বাঁশখালী এবং সাতকানিয়ার বিভিন্ন এলাকায় ত্রাণ বিতরণকালে তিনি এই আহ্বান জানান।

এদিন বাঁশখালীর গণ্ডামারা, ইলিশিয়া, বাহারছড়া এবং সাতকানিয়ার এওচিয়া এলাকায় বন্যাদুর্গত পরিবারের মাঝে ত্রাণ ও প্রয়োজনীয় সহায়তা সামগ্রী বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণকালে যুবদলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা দুর্গত এলাকার মানুষের খোঁজখবর নেন।

এ সময় তারা ক্ষতিগ্রস্ত মানুষের হাতে প্রয়োজনীয় খাদ্য ও চিকিৎসাসামগ্রী পৌঁছে দেন।

আব্দুল মোনায়েম মুন্না বলেন, মানবসৃষ্ট এই দুর্যোগে দেশের এক বিশাল জনগোষ্ঠী আজ চরম সংকটে দিন কাটাচ্ছে।

যুবদলের প্রতিটি নেতা-কর্মী মাঠপর্যায়ে বন্যার্তদের সহায়তায় কাজ করে যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

তবে সংকটের গভীরতা বিবেচনা করে সমাজের সব বিত্তবান ব্যক্তি, মানবিক সংগঠন এবং দলীয় নেতা-কর্মীদের স্ব স্ব অবস্থান থেকে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানান তিনি।

ত্রাণ বিতরণের সময় নগর যুবদলের সাবেক সভাপতি মোশারফ হোসেন দিপ্তি এবং সাবেক সাধারণ সম্পাদক মো. সাহেদ উপস্থিত ছিলেন।

এছাড়া নগর যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেন ও সাহেদ আকবর ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশ নেন।