
টানা বৃষ্টির সময় উঠান দিয়ে শৌচাগারের ময়লা ও বৃষ্টির পানি গড়ানো নিয়ে বিরোধের জেরে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
নিহত মো. ওবায়দুল (৩৬) উপজেলার পদুয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নাপিতপুকুরিয়া ব্রিজঘাটা এলাকার ইদ্রিস মিয়ার ছেলে।
রোববার দুপুর ২টার দিকে এই ঘটনা ঘটে।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্থানীয়রা দুজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে।
স্থানীয় বাসিন্দা ও পারিবারিক সূত্রে জানা যায়, টানা বৃষ্টির কারণে বাড়ির উঠান দিয়ে শৌচাগারের ময়লা ও বৃষ্টির পানি প্রবাহিত হওয়া নিয়ে দুই পক্ষের মধ্যে প্রথমে বাগ্বিতণ্ডা শুরু হয়।
একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নিলে ওবায়দুলকে তার চাচা ও চাচাতো ভাইয়েরা কাঠের বাটাম দিয়ে মারধর করেন বলে অভিযোগ উঠেছে।
নিহতের ভাই মো. শহীদুল ইসলাম জানান, শৌচাগারের ময়লা ও পানি ছাড়ার প্রতিবাদ করলে তারা সংঘবদ্ধভাবে তার ভাইয়ের ওপর হামলা চালায়।
কাঠের বাটামের আঘাতে ওবায়দুল মাটিতে লুটিয়ে পড়েন।
পরে তাকে উদ্ধার করে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিলাল উদ্দিন আহমেদ জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
অভিযুক্তরা নিহতের চাচাতো ভাই বলে তিনি নিশ্চিত করেন।
বাথরুমের পানি ফেলাকে কেন্দ্র করে তর্কের একপর্যায়ে মারামারিতে এই মৃত্যুর ঘটনা ঘটে বলে তিনি উল্লেখ করেন।
মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে ওসি জানান।
তিনি আরও জানান, স্থানীয়রা জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে।
