
মৌসুমি বায়ু আরও সক্রিয় হয়ে ওঠায় ঢাকা-চট্টগ্রামসহ দেশের ছয়টি বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
সোমবার বেলা ১১টায় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের এক বিশেষ বিজ্ঞপ্তিতে আগামী ২৪ ঘণ্টার জন্য এই পূর্বাভাস দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের জন্য এই সতর্কতা প্রযোজ্য হবে।
এ সময় টানা ভারী বৃষ্টির কারণে ঢাকা মহানগরে জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে বলেও সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে।
আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, বর্তমানে বাংলাদেশের ওপর মৌসুমি বায়ু আরও সক্রিয় হয়ে পড়েছে।
আর এ কারণেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির এই নতুন সতর্কবার্তা জারি করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
আবুল কালাম মল্লিক আরও জানান, রোববার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৯টা পর্যন্ত ২৭ ঘণ্টায় রাজধানীতে ১১০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
মঙ্গলবার থেকে বৃষ্টির তীব্রতা কিছুটা কমে গেলেও আগামী বৃহস্পতিবার থেকে মৌসুমি বায়ু আবার সক্রিয় হলে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে।
এর আগে গত রোববার রাজধানীতে চলতি বর্ষা মৌসুমের সর্বোচ্চ ১৭৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সোমবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত তিন ঘণ্টায় দেশের সর্বোচ্চ ১০৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে কুমিল্লায়।
একই সময়ে বগুড়ায় ৩৫, সিলেটে ৩২, ময়মনসিংহে ২৩, নওগাঁয় ১৮, রংপুরে ১০ এবং ঢাকায় ১৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
আবহাওয়াবিদ মো. আবদুল হামিদ জানিয়েছেন, আজ দেশের উত্তরাঞ্চলে তুলনামূলক বেশি বৃষ্টিপাত হতে পারে।
