পরীক্ষা স্থগিতের দাবিতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফটক খুললেন শিক্ষার্থীরা


টানা ভারী বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে পরীক্ষা স্থগিত না করার প্রতিবাদে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের প্রধান ফটক খুলে রাস্তায় নিয়ে গেছেন বিক্ষুব্ধ এইচএসসি পরীক্ষার্থীরা।

মঙ্গলবার বেলা ১১টায় নগরের মুরাদপুরে শিক্ষা বোর্ডের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে এই বিক্ষোভ শুরু করেন তারা।

বিক্ষোভের একপর্যায়ে শিক্ষার্থীরা বোর্ডের ফটকটি খুলে মাথায় নিয়ে চলে যান এবং শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনকে উদ্দেশ্য করে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেন।

এ সময় তিন দফা দাবিতে শিক্ষার্থীদের অবস্থানের কারণে সিডিএ অ্যাভিনিউ সড়কের ২ নম্বর গেট থেকে বহদ্দারহাটমুখী লেনে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।

শিক্ষার্থীদের তিন দফা দাবির মধ্যে রয়েছে—সব শিক্ষা বোর্ডের পরীক্ষা স্থগিত করা, প্রশ্নপত্রে ভুলের সঙ্গে জড়িতদের শাস্তি নিশ্চিত করা এবং বন্যায় ক্ষতিগ্রস্ত প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড দ্রুত পুনরায় সরবরাহ করা।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থী মো. ওমায়ের জানান, দেশের বিভিন্ন বন্যাকবলিত এলাকার অনেক পরীক্ষার্থী দুর্যোগের কারণে পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে পারেননি।

পরীক্ষার তারিখ পরিবর্তনের দাবি আমলে না নেওয়ায় তারা রাজপথে নেমেছেন জানিয়ে তিনি বলেন, দাবি মানা না হলে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে কঠোর আন্দোলন শুরু হবে।

দুপুর ১২টার দিকে শিক্ষা বোর্ডের সামনে দুই শতাধিক শিক্ষার্থীকে বিক্ষোভ করতে দেখা যায়।

এরপর দুপুর সাড়ে ১২টার দিকে শিক্ষার্থীদের কয়েকজন শিক্ষা বোর্ডের ভেতরে প্রবেশ করলে বোর্ডের সচিব মোহাম্মদ জহিরুল হক তাদের দাবি পূরণের আশ্বাস দেন।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, প্রশ্নপত্রে ভুলের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিষয়ে আন্তবোর্ড কমিটি সিদ্ধান্ত নেবে।

এছাড়া বন্যায় ক্ষতিগ্রস্ত প্রবেশপত্রের বিষয়ে শিক্ষার্থীরা বোর্ডে এলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

এদিকে শিক্ষার্থীদের এই অভিনব প্রতিবাদের দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে শিক্ষা বোর্ড ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম সাংবাদিকদের জানান, পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।