প্রেমের সম্পর্ক না মানায় হাটহাজারীতে তরুণীর আত্মহত্যা


প্রেমের সম্পর্ক পরিবার মেনে না নেওয়ায় অভিমানে চট্টগ্রামের হাটহাজারীতে এক তরুণী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিহত ওই তরুণীর লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত তরুণীর নাম আসমা আক্তার সাফি প্রকাশ শিফা (২০)।

তিনি হাটহাজারী উপজেলার মেখল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সামাদ আলী তালুকদার বাড়ির নাঈম উদ্দিনের মেয়ে।

আসমা গত ২০২৫ সালে হাটহাজারী সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রেমের সম্পর্ক নিয়ে পরিবারের সঙ্গে মনোমালিন্যের জেরে মঙ্গলবার আসমা নিজের বসতঘরে গলায় ফাঁস দেন।

পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সেখানে দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে আসমাকে মৃত ঘোষণা করেন।

মেখল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. রাশেদুল আলম এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

খবর পেয়ে হাটহাজারী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আমিনুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে যান।

তিনি মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে তা ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠান।

হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুর রহমান মঙ্গলবার রাত ৯টার দিকে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।