কক্সবাজারের অস্ত্র যাচ্ছে ঢাকায়, লোহাগাড়ায় ধরা পড়ল তিন পাচারকারী


কক্সবাজার থেকে কিনে ঢাকায় পাচারের সময় চট্টগ্রামের লোহাগাড়ায় পুলিশের ধাওয়া খেয়ে পালানোর চেষ্টাকালে প্রাইভেটকার থেকে ছুড়ে ফেলা দুটি দেশীয় অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি বন রেঞ্জ কর্মকর্তার অফিসের সামনের চেকপোস্ট এলাকায় তল্লাশি ফাঁকি দেওয়ার পর ধাওয়া করে তাদের ধরা হয়।

এ সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে মোবাইল ফোন ও তাদের ব্যবহৃত প্রাইভেটকারটি (ঢাকা মেট্রো-গ-১৭-৩০৬৫) জব্দ করে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার গাছির বাড়ি এলাকার হোসাইন আহম্মেদ (৪২), যিনি বর্তমানে ঢাকার পল্লবী এলাকায় থাকেন।

বাকি দুজন হলেন কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের কুতুবদিয়া পাড়ার আয়াত উল্লাহ (২৮) এবং ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার কোনাপাড়া এলাকার মো. আসাদুজ্জামান (৩৮)।

পুলিশ জানায়, ঢাকাগামী ওই প্রাইভেটকারটিকে নিয়মিত তল্লাশির অংশ হিসেবে চুনতি চেকপোস্টে থামার সংকেত দেওয়া হয়েছিল।

কিন্তু চালক সংকেত অমান্য করে দ্রুতগতিতে গাড়ি চালিয়ে পালানোর চেষ্টা করলে পুলিশ পিছু নেয়।

পরে চুনতি সরকারি মহিলা কলেজের গেটের সামনে গিয়ে গাড়িটি থামতে বাধ্য হয়।

এ সময় গাড়িতে থাকা ব্যক্তিরা দুটি দেশীয় এলজি (বন্দুক) রাস্তার পাশে ফেলে দেওয়ার চেষ্টা করলে পুলিশ তাৎক্ষণিকভাবে তা উদ্ধার করে এবং ওই তিনজনকে গ্রেপ্তার করে।

সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম সিদ্দিকী জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছেন যে অস্ত্র দুটি কক্সবাজার থেকে কিনে তারা ঢাকায় নিয়ে যাচ্ছিলেন।

এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি জানান।