রাঙ্গুনিয়ায় অবৈধ ড্রেজার দেখে ক্ষুব্ধ এমপি, জব্দের নির্দেশ


চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের সময় কর্ণফুলী নদীতে অবৈধ ড্রেজার দেখে ক্ষুব্ধ হয়েছেন সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী।

তিনি তাৎক্ষণিকভাবে ওই ড্রেজার জব্দসহ জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে রাঙ্গুনিয়া পৌরসভার আজিজনগর এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেন চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের এই সংসদ সদস্য।

এরপর সরফভাটা ও শিলক ইউনিয়নের বন্যাকবলিত এলাকা পরিদর্শনে যাওয়ার পথে সরফভাটা গোডাউন ব্রিজসংলগ্ন ভূমিরখীল এলাকায় কর্ণফুলী নদীর তীরে বালুর স্তূপ এবং নদীতে একটি ড্রেজার তাঁর নজরে আসে।

গাড়ি থামিয়ে তিনি ঘটনাস্থলে যান এবং অবৈধ বালু উত্তোলনের বিষয়ে গভীর অসন্তোষ প্রকাশ করেন।

এ সময় তাঁর নির্দেশে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিলাল উদ্দিন আহমেদকে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে ব্যবস্থা গ্রহণ এবং ড্রেজারটি জব্দের উদ্যোগ নিতে বলা হয়।

পরে সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত বিভিন্ন সড়ক, সেতু, কালভার্ট ও নদীভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেন।

তিনি সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোকে ক্ষতিগ্রস্ত এসব অবকাঠামো দ্রুত সংস্কারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন।

একই সঙ্গে তিনি সরফভাটা ও শিলক ইউনিয়নের ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেন।

পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হাসান, প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা এবং স্থানীয় রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সাম্প্রতিক টানা বর্ষণ, বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত রাঙ্গুনিয়ার বিভিন্ন এলাকা গত কয়েকদিন ধরে পরিদর্শন করছেন সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী।

তিনি ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ত্রাণ বিতরণের পাশাপাশি দলীয় নেতাকর্মীদেরও দুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক সহায়তা কার্যক্রমে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে আসছেন।